২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার বক্তব্য ইয়াজউদ্দিনের মুখোশ খুলে দিয়েছে: জলিল

সংবাদ সম্মেলনে দেওয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্য নাকচ করে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেছেন, ‘‘তার এই বক্তব্যই জাতির সামনে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের মুখোশ খুলে দিয়েছে। প্রমাণ করেছে রাষ্ট্রপতি তাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং-এর যন্ত্র ছাড়া আর কিছুই নন।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2007, 08:00 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

শুক্রবার সন্ধ্যায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার বক্তব্যের তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আরও বলেন  বিএনপি চেয়ারপার্সন ‘অসত্য, স্ববিরোধী ও বিভ্রান্তিকর’ কথা বলেছেন। তিনি একদিকে সুপ্রিম কোর্টে রেফারেন্সের জন্য যাওয়ার কথা বলেছেন। আবার সেই সঙ্গে হুমকিও দিয়েছেন সেটা সংবিধান পরিপন্থি হলে মানা হবে না।”

জলিল বলেন, “নিজের বক্তব্যের ওপর খালেদা জিয়ার আস্থা নেই বলেই তিনি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেননি।”

তিনি প্রশ্ন করেন, “যেখানে একটি সঠিক ভোটার তালিকাই নেই, সেখানে কোন সংবিধান মতে ইয়াজউদ্দিন নির্বাচন করতে চান ?”

তিনি বলেন, “খালেদা জিয়া সংবিধানের দোহাই দেন, কিন্তু সংবিধানের ৫৮(গ) ধারা ভঙ্গ করে যখন রাষ্ট্রপতি প্রধান উপষ্টোর পদ দখল করলেন; তখন সংবিধান কোথায় ছিলো ? অবৈধভাবে যে দলের জন্ম, সেই দলের মুখে সংবিধানের কথা মানায় না।”

আওয়ামী লীগ একটার পর একটা দাবি দিচ্ছে বলে খালেদা জিয়ার আনা অভিযোগের সমালোচনা করে জলিল বলেন, “এই বক্তব্য সঠিক নয়। পুলিশে লোক দেখানো বদলি করা হয়েছে। বর্তমান পুলিশের আইজিপি বিএনপির শত ভাগ সমর্থক।

খালেদা জিয়া এরশাদকে দুর্নীতিবাজ বলে যে বক্তব্য দিয়েছেন, তার জবাবে তিনি বলেন, “তা হলে তাঁর পুত্র এরশাদের কাছে কেন ধরণা দিয়েছিলেন?”

তিনি পাল্টা অভিযোগ করেন, অপারেশন ক্লিন হার্টের সময় গ্রেপ্তার হওয়া আওরঙ্গকে বিএনপি ফুল দিয়ে বরণ করে নিয়েছেন।

মার্কিন রাষ্ট্রদূত ও এনডিআই বর্তমান ভোটার তালিকায় নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছে-খালেদা জিয়ার এমন বক্তব্যে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

জলিলের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেন গুপ্ত ও মোহাম্মদ নাসিম।