বিএনপি ক্ষমতায় এলে ভোটার তালিকা ও পরিচয়পত্র তৈরি করা হবে : মান্নান ভূঁইয়া
বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া বলেছেন, নির্বাচনের মাধ্যমে জনগণ জোটকে সরকার গঠনের সুযোগ দিলে শুরুতেই বিশুদ্ধ একটি ভোটার তালিকা ও ছবিযুক্ত ভোটার পরিচয়পত্র প্রণয়নের পরিকল্পনা গ্রহণ করবে।
শুক্রবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দলীয় চেয়ারপারসনের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি একথা বলেন।
নির্বাচনে জয়ী হলে সরকার গঠনে শরিকদলের অংশগ্রহণ কীভাবে হবে এবং কারা বিরোধী দলের আসনে বসবে এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “নির্বাচনের পরেই সেই বিষয়টি নির্ধারিত হবে।”
দেশে আরেকটি ‘১৫ ফেব্র“য়ারি’র মতো নির্বাচন হতে যাচ্ছে কিনা - এ প্রশ্ন খণ্ডন করে মান্নান ভূঁইয়া বলেন, “কোনো দল যদি নির্বাচনে না আসে তাহলে নির্বাচনী প্রক্রিয়া থেমে থাকে না। বাংলাদেশের জনগণ এই নির্বাচনে অংশ নিচ্ছে।”
৯০ দিনের বাইরে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের ব্যাখ্যা চাইলে তাতে বিএনপির অবস্থান কি হবে জানতে চাইলে তিনি বলেন, “সংবিধানে যেখানে নির্বাচন বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা রয়েছে সেখানে সুপ্রিম কোর্টের ব্যাখ্যা চাওয়ার কোনো সুযোগই নেই। বিএনপির অবস্থান, ৯০ দিনের মধ্যেই নির্বাচন হতে হবে। সংবিধানের ধারাবাহিকতা রাখতে চাই, শুন্যতা সৃষ্টি করতে চাই না।”
অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “গণতন্ত্রে জয়-- পরাজয় আছেই। আওয়ামী লীগ নির্বাচনে জেতার শত ভাগ নিশ্চয়তা চায়। সেই নিশ্চয়তা কিভাবে দেওয়া সম্ভব ?”
