খালেদার আসনে ইশা প্রার্থীর জাল স্বাক্ষরে আবেদন প্রত্যাহার
৬ আসনে বিএনপি চেয়াপার্সন খালেদা জিয়াকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করতে জাল স্বাক্ষরের মাধ্যমে এক প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা পড়েছে বলে অভিযোগ উঠেছে।
এর আগে বগুড়া-৭ (গাবতলী ও শাজাহানপুরের একাংশ) আসনে ছয়জনের মধ্যে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান ছাড়া পাঁচজনই মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
বগুড়া- ৬ আসনে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের জেলা কমিটির সাধারণ সম্পাদক আ ন ম মামুনূর রশিদের স্বাক্ষর জাল তার মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দেওয়া হয়। অন্য প্রতিদ্বন্দ্বীরা এর আগেই মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
বুধবার নির্ধারিত সময় শেষ হওয়ার মাত্র ৫ মিনিট আগে বিকেল ৪টা ৫৫ মিনিটে জাল আবেদনপত্রটি দাখিলের পর রিটার্নিং অফিসারের পক্ষে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং জেলা নির্বাচন কর্মকর্তা কোনও যাচাই-বাছাই ছাড়াই সেটি গ্রহণ করেন।
এরপর বিকেল সোয়া ৫টায় সাংবাদিকরা মামুনূর রশিদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেননি বলে জানান। তিনি বলেন, “আমি মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য কোনও আবেদন করিনি অথবা এ সংক্রান্ত কাগজপত্রে স্বাক্ষরও দেইনি।”
মামুনূর রশীদ আরো জানান, বিএনপি নেতারা তাকে বিকেলের দিকে দলীয় অফিসে ডেকে নিয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু তাতে তিনি সায় দেননি। একই কথা বলেন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের জেলা সভাপতি মাওলানা আব্দুল হক আজাদও। সাংবাদিকদের তিনি বলেন, দলীয়ভাবে তারা নির্বাচনের পক্ষে, কাজেই প্রার্থিতা প্রত্যাহারের প্রশ্নই ওঠে না।
মামুনূর রশিদের প্রকৃত স্বাক্ষর আবেদনপত্রে আছে কি না জানতে চাইলে বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী বিস্তারিত না জানিয়ে নফহবংি২৪.পড়স কে বলেন, “সেটি পেন্ডিং রাখা হয়েছে।”
জানা গেছে, তারেক রহমানের বিরুদ্ধে কোনও প্রার্থী না থাকার খবর বুধবার বেলা সাড়ে ৩ টার দিকে জানাজানি হওয়ার পরই দলের কিছু নেতা-কর্মী খালেদা জিয়াকেও একক প্রার্থী হিসেবে বিজয়ী করার জন্য তৎপর হন।
