বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন
আগামী ২২ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন বুধবার।
এবার মনোনয়নপত্র জমা পড়ে ৪ হাজার ১৪৬ টি। যাচাই -- বাছাই-এর পর কমিশন ২৬৪ টি মনোনয়ন পত্র বাতিল করে। পরে আপিলের শুনানি শেষে নির্বাচন কমিশন আবার ৫৪টি মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষণা দেয়। অর্থাৎ সব মিলিয়ে এখন প্রার্থী সংখ্যা ৩ হাজার ৯৩৬।
নির্বাচনী তফসিল অনুযায়ী, ২৬ ডিসেম্বর গ্রহণ করা হয় প্রার্থীদের মনোনয়ন পত্র। পরদিন চলে যাচাই -- বাছাই।
এদিকে গত ২৭ ডিসেম্বর কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাজনৈতিক দলগুলোর প্রতি মনোনীত প্রার্থীর নাম ৩ জানুয়ারির মধ্যে কমিশন কার্যালয়ে পাঠানোর অনুরোধ করে।
কমিশন সচিবালয় সূত্র জানায়, কমিশন এরই মধ্যে ১৫০ টি প্রতীকের মধ্যে ৭৬ টি রাজনৈতিক দল ও জোটের জন্য প্রতীক সংরক্ষণ করেছে। আরও ২০ টি দল আবেদন করেছে তাদের জন্যও প্রতীক সংরক্ষণ করার জন্য।
মনোনয়নপত্র প্রত্যাহারের পর সংশ্লি¬ষ্ট রিটার্নিং অফিসাররা রাজনৈতিক দলগুলোর জন্য সংরক্ষিত নয় এমন প্রতীক বরাদ্দ করবেন। যদি একই প্রতীকের জন্য একাধিক দল আবেদন করেন, সে ক্ষেত্রে রিটার্নিং অফিসারা চেষ্টা করবেন সমঝোতা ভিত্তিতে প্রতীক বরাদ্দ করতে। কিন্তু সমঝোতা না হলে লটারী করা হবে।
সূত্র জানায়, এবার যে সব রাজনৈতিক দল বা প্রার্থীর জন্য প্রতীক বরাদ্দ করা হচ্ছে, নির্বাচনের আগে তাদের পাওয়া না গেলে কমিশন প্রতীক বাতিল করার চিন্তা -- ভাবনা করছে। এর আগে দেখা গেছে, বেশ কিছু দল প্রতীক বরাদ্দ নিয়ে শেষ পর্যন্ত নির্বাচনে প্রার্থী দেয়নি।
২০০১ সালে ৭ কোটি ৪৮ লাখ ২৩ হাজার ৯৮৩ জন ভোটার ছিলেন। আর এবার ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৯ কোটি ৩০ লাখ ৮২ হাজার ৪৯৬ জনে। তালিকা সংশোধণের কাজ চলছে বলে এই সংখ্যায় তারতম্য ঘটতে পারে।
