২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ নিয়ে গণবিক্ষোভের ঘটনায় ২৫ হাজার লোকের বিরুদ্ধে মামলা

বিদ্যুৎ সংকটের প্রতিবাদে গত দুদিন নগরীর বিভিন্ন স্থানে গণবিক্ষোভের ঘটনায় প্রায় ২৫ হাজার লোকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2006, 08:26 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

এছাড়া পুলিশ বৃহস্পতিবার রাত থেকে এ ঘটনায় নগরীর বিভিন্ন স্থান থেকে কয়েক শ’ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

নগরীর বিভিন্ন থানায় দায়ের করা কমপক্ষে ১০টি মামলায় এদেরকে আসামী করা হয়।

এর মধ্যে পুলিশ আটটি, লালবাগ বিদ্যুৎ কার্যালয় কর্তৃপক্ষ একটি এবং কোতোয়ালী থানা এলাকার এক ব্যবসায়ী একটি মামলা দায়ের করেছেন।

নগরীর পল্লবী থানা পুলিশ জানায়, পুলিশের উপর হামলা এবং সরকারি ও বেসরকারি সম্পদ নষ্টের অভিযোগে ১৪৭, ১৪৮, ৩৩২, ৩৫৩ ও ৪২৭ ধারায় দুটি মামলা দায়ের করা হয়েছে। এই দুটি মামলায় পুলিশ আট হাজারেরও বেশি লোককে আসামী করে।

কোতোয়ালী থানার এক কনস্টেবল (চালক) মামুনুর রশীদ ৬ শতাধিক ব্যক্তিকে আসামী করে এবং স্থানীয় ব্যবসায়ী ও সিদ্দিক বাজার এলাকার বাসিন্দা নন্দলাল তার সম্পদ বিনষ্টের অভিযোগে সাত শতাধিক ব্যক্তিকে আসামী করে কোতোয়ালী থানায় একটি করে মামলা দায়ের করেন।

রাজধানীর মিরপুর থানা পুলিশ তিন হাজারেরও বেশি এবং যাত্রাবাড়ী থানা পুলিশ দুই হাজারেরও বেশি ব্যক্তিকে আসামী করে একটি করে মামলা দায়ের করেছে।

এছাড়া কেরানীগঞ্জ থানা পুলিশ অজ্ঞাত পরিচয়ের সাত হাজারেরও বেশি এবং কামরাঙ্গীরচর থানা পুলিশ অজ্ঞাত পরিচয়ের ২০০ থেকে ৩০০ জনকে আসামী করে একটি করে মামলা দায়ের করে।

লালবাগ বিদ্যুৎ কার্যালয় কর্তৃপক্ষ প্রায় তিন হাজার এবং রমনা থানা পুলিশ প্রায় ৫০ জনকে আসামী করে অপর দুটি মামলা দায়ের করেছে।