শায়খ রহমান ও বাংলা ভাই ‘আপিল’ করেছেন, আপডেট
জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশ (জেএমবি) প্রধান শায়খ আব্দুর রহমান এবং তার সহযোগী বাংলা ভাই শুক্রবার কারা কর্তৃপক্ষের কাছে হাতে লেখা আবেদনপত্র জমা দিয়েছেন।
আদালতের সিধান্তের প্রেক্ষিতে এই আবেদনপত্র দুটিকে তাদের মৃত্যুদন্ডাদেশের বিরুদ্ধে আপিল হিসেবে বিবেচনা করা যেতে পারে বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।
কিন্তু তাদের দুজনের কেউই কর্তৃপক্ষের সরবরাহ করা যথাযথ আপিল ফরম পূরণ করেননি।
সূত্র জানায়, শায়খ রহমান পাঁচ পাতার এবং বাংলা ভাই ছয় পাতার লিখিত আবেদনপত্র জমা দেন। মিরপুর উপ-কারা কর্তৃপক্ষ শুক্রবার সন্ধ্যায় তা গ্রহণ করে।
তাদের এই আবেদনপত্রকে আপিল হিসেবে বিবেচনা করা হবে কিনা, এ প্রশ্নের জবাবে ডিআইজি (প্রিজন, ঢাকা বিভাগ) শামসুল হায়দার সিদ্দিকী বলেন, এ ব্যাপারে একমাত্র আদালতই সিদ্ধান্ত নিতে পারে।
এর আগে শায়খ রহমানের বোন এবং বাংলা ভাইয়ের ভাই রফিকুল ইসলাম তাদের মৃত্যুদন্ডাদেশের বিরুদ্ধে আপিল করা হবে কিনা তা জানার জন্য ওই দুজনের সাথে দেখা করার চেষ্টা করেন। কিন্তু শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে তারা শায়খ রহমান ও বাংলা ভাইয়ের সাথে দেখা করার অনুমতি পাননি।
উল্লেখ্য, আপিল করার জন্য তাদের সাত দিনের মেয়াদ ৩০ সেপ্টেম্বর শেষ হবে।
