২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে আরো তিনটি বিল উত্থাপণ

জাতীয় সংসদে বৃহস্পতিবার আরো তিনটি নতুন বিল উত্থাপণ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2006, 03:06 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

বিল তিনটি হচ্ছে- ‘পদ্মা বহুমুখী সেতু প্রকল্প (ভূমি অধিগ্রহণ) বিল, ২০০৬’, ‘সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় বিল, ২০০৬’ এবং ‘বাংলাদেশ জাতীয় বিজ্ঞান ও কারিগরি তথ্য সংগ্রহ ও বিতরণ কেন্দ্র (ব্যান্সডক) বিল, ২০০৬’।

ভূমি প্রতিমন্ত্রী উকিল আব্দুস সাত্তার ভূঁঞা পদ্মা বহুমুখী সেতু প্রকল্প (ভূমি অধিগ্রহণ) বিল, শিক্ষা মন্ত্রী ড. ওসমান ফারুক সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় বিল এবং বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী ড. আব্দুল মঈন খান বিজ্ঞান ও কারিগরি তথ্য সংগ্রহ ও বিতরণ কেন্দ্র (ব্যান্সডক) বিল সংসদে উত্থাপণ করেন।

ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর সভাপতিত্বে বৃহস্পতিবার সংসদের বৈঠকে মন্ত্রী পৃথক পৃথকভাবে বিলগুলো উত্থাপণের অনুমতি চাইলে তিনটি বিলই বিরোধী দলের সদস্যদের আপত্তির মুখে পড়ে।

বিলগুলোর ওপর আপত্তি জানিয়ে আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের সুরঞ্জিত সেনগুপ্ত, রহমত আলী ও শাজাহান খান।

বিরোধী দলের সদস্যরা বিলগুলোকে নির্বাচনী বিল হিসেবে উল্লেখ করে বলেন, সরকারের শেষ সময়ে নির্বাচনকে প্রভাবিত করার লক্ষ্যেই এ ধরনের বিল পাসের উদ্যোগ নেয়া হয়েছে। যেখানে অর্থাভাবে সরকারের স্বাভাবিক কার্যক্রমই চালানো যাচ্ছে না, সেখানে এ ধরণের আইন পাসের পর তা কার্যকর করা কোনভাবেই সরকারের পক্ষে সম্ভব নয়।

এ বিষয়ে আলোচনা শেষে কণ্ঠভোটে বিরোধী দলের সদস্যদের আপত্তি নাকচ হয়ে যায়।

পরে বিলগুলো উত্থাপণ করা হয় এবং পরীক্ষা-নিরীক্ষা করে রিপোর্ট দেওয়ার জন্য সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

সংসদের এ অধিবেশনেই বিলগুলো পাস করা হতে পারে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।