শীর্ষ ব্যবসায়ীরা আবারও দেখা করলেন মান্নান ভূঁইয়ার সঙ্গে
সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পর থেকে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া ব্যস্ত সময় কাটাচ্ছেন। বিরোধী দলের সঙ্গে সংলাপে বসানোর জন্য দেশের শীর্ষ ব্যবসায়ীরা এরই মধ্যে বেশ কয়েক দফা বৈঠক করলেন দুই দলের শীর্ষ নেতাদের সঙ্গে।
এরই ধারাবাহিকতায় বুধবার রাত সাড়ে ১১ টায় আরেক দফা বৈঠক করেন এফবিসিসিআই এর সভাপতি মীর নাসির হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল। তারা আজ বৃহস্পতিবার তার সঙ্গে আবারও দেখা করার সময় চেয়েছেন।
এদিকে পাকিস্তানের রাষ্ট্রদূত আলমগীর বাবর বৃহস্পতিবার সকালে আব্দুল মান্নান ভূঁইয়ার সঙ্গে সাক্ষাত করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বৈঠক চলছিল।
বিএনপির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই এর সভাপতি মীর নাসির হোসেনের নেতৃত্বে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক সমিতির (বিজেএমইএ) সাবেক সভাপতি আনিসুল হক ও শীর্ষ ব্যবসায়ী মাহবুবুর রহমান বুধবার রাতে বিএনপি মহাসচিবের বাসভবনে গিয়ে তার সঙ্গে দেখা করেন। তারা বিরোধী দলকে সংলাপে আহ্বান জানানোর ব্যাপারে তার সঙ্গে কথা বলেছেন বলে জানা গেছে।
প্রসঙ্গত শীর্ষ ব্যবসায়ীরা প্রধান দুটি দলকে সংলাপে বসানোর জন্য সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে এরই মধ্যে বেশ কয়েক দফা বৈঠক করেছেন।
