নির্বাচন কমিশন ডিসেম্বরে সব প্রস্তুতি শেষ করতে চায়
এখনো ভোটার তালিকা ছাপতে না পারলেও ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করা হবে বলে দাবি করছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন সচিব আব্দুর রশীদ সরকার সোমবার সাংবাদিকদের বলেন, দরপত্র আহ্বানের প্রয়োজনীয় অনুমতি পেলে অক্টোবরের মধ্যে ভোটার তালিকা মূদ্রনের কাজ শেষ করা সম্ভব।
তিনি বলেন, ডিসেম্বর নাগাদ সব প্রস্তুতি শেষ করে আমরা জানুয়ারির যে কোনো তারিখে সংসদ নির্বাচন আয়োজন করতে চাই।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, এবার ভোটার ও ভোট কেন্দ্রের সংখ্যা বাড়ছে বলে ২০০১ সালের নির্বাচনের চেয়ে এবার নির্বাচনী ব্যয় বাড়বে।
আব্দুর রশীদ সরকার জানান, এবার প্রধানত নির্বাচনী ব্যয় বাড়বে ভোটার তালিকা ও ব্যালট পেপার ছাপার কাজে। এছাড়া নির্বাচনী কর্মকর্তা নিয়োগ এবং আইন -- শৃঙ্খলা রক্ষা খাতেও ব্যয় বাড়বে।
তিনি জানান, নির্বাচন অনুষ্ঠানের জন্য অর্থ মন্ত্রণালয় ১০০ কোটি টাকার থোক বরাদ্দ রেখেছে। তবে এই টাকা যথেষ্ট নয়; তারা প্রয়োজনীয় হিসাব -- নিকাশ করে মন্ত্রণালয়ের কাছে আরো অর্থ বরাদ্দ চাইবেন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, ২০০১ সালে নির্বাচন অনুষ্ঠানে বাজেট বরাদ্দ ছিল প্রায় ৭২ কোটি টাকা। সেবার শুধু আইন -- শৃঙ্খলা রক্ষা খাতেই প্রায় ৪০ কোটি টাকা ব্যয় হয়।
২০০৭ সালের জানুয়ারিতে অনুষ্ঠেয় নবম জাতীয় সংসদ নির্বাচনের জন্য এবার বছর খানেক ধরে হালনাগাদ করা ভোটার তালিকা তৈরি করতে নির্বাচন কমিশন ব্যয় করেছে প্রায় ৬৯ কোটি টাকা। ভোটার তালিকা মূদ্রন করতে কমিশনের ব্যয় হবে প্রায় ২০ কোটি টাকা। তারা সরকারের কাছে আরো ১২ কোটি টাকা বরাদ্দ চেয়েছে। এই বরাদ্দ পেলে ভোটার তালিকা তৈরিতে মোট খরচ দাঁড়াবে প্রায় ১০১ কোটি টাকা। অর্থাৎ সব মিলিয়ে ২০০৭ সালের জানুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনী ব্যয় ২০০ কোটি টাকা ছড়িয়ে যাবে।
২০০১ সালে দেশে ভোটারের সংখ্যা ছিলো প্রায় সাড়ে সাত কোটি। গত ৭ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকা অনুসারে এবার সারাদেশে মোট ভোটারের সংখ্যা হচ্ছে ৯ কোটি ৩০ লাখ ৮২ হাজার ৪৯৯ জন।
২০০১ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ২৯ হাজার ৯৭৮ টি ভোট কেন্দ্র ছিল। সেবার মোট বুথের সংখ্যা ছিল ১ লাখ ৪৯ হাজার ২৮৮টি।
সূত্র জানায়, নির্বাচনের প্রস্তুতি হিসেবে কমিশন এরই মধ্যে সিল নির্মানের জন্য দরপত্র আহ্বান করেছে। তৈরী করা হচ্ছে প্রায় ২০ হাজার নতুন ব্যালট বাক্স। পুরনো ব্যালট বাক্সগুলোও মেরামত করা হচ্ছে।
