সংসদ অধিবেশনের মেয়াদ বাড়ছে
অষ্টম জাতীয় সংসদের সর্বশেষ অধিবেশনের মেয়াদ বাড়ছে। কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সংসদের অধিবেশন আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলার কথা থাকলেও সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্র জানিয়েছে, অধিবেশনের মেয়াদ আরো কয়েক কর্মদিবস বাড়ানো হতে পারে।
সরকারের একাধিক সিনিয়র মন্ত্রীর সঙ্গে আলোচনা করে জানা গেছে, বিরোধী দলের সঙ্গে একটা সমঝোতায় পৌঁছাতে সরকারের নীতিনির্ধারকরা এ চিন্তা করছেন। বিরোধী দলের সঙ্গে আলোচনা ফলপ্রসু হলে নির্বাচন কমিশনসহ কয়েকটি বিষয়ে ঐকমত্যের আলোকে সংসদে সংস্কার প্রস্তাব আসতে পারে।
১৯ সেপ্টেম্বর আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ সাংবাদিকদের বলেছিলেন, ২৩তম অধিবেশনের পরে সংসদের আর কোনো অধিবেশন বসার সম্ভাবনা এখন আর নেই।
এদিকে সংসদের মেয়াদ বাড়ানো নিয়ে সরকারের ভেতরে একটি অংশের ভিন্ন মত দেখা দিয়েছে। ওই অংশটি মনে করে কেবল আওয়ামী লীগের জন্য মেয়াদ বাড়ানো যুক্তিহীন। প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরী শনিবার রাতে বিডিনিউজ২৪ডটকম-কে জানান, সংসদের মেয়াদ কেবল আওয়ামী লীগের অযৌক্তিক দাবির কারণে বাড়তে পারে না।
এদিকে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মান্নান ভূইঁয়া উন্নত চিকিৎসার জন্য বর্তমানে সিঙ্গাপুরে আছেন। মঙ্গলবারের আগে তাঁর দেশে ফিরে আসার সম্ভাবনা নেই। বিএনপি মহাসচিব না আসা পর্যন্ত প্রধান বিরোধী দল আওয়ামী লীগের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া সম্ভব নয়। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিলের সঙ্গে আলোচনার জন্য দায়িত্ব দিয়েছেন নিজ দলের মহাসচিবকে ।
বিএনপির একাধিক সূত্র জানায়, আলোচনার একটা ক্ষেত্র তৈরি করতেই সরকার সংসদকে চালু রাখতে চায়।
সংসদের ২৩তম অধিবেশন অধিবেশন শুরু হয় গত ১০ সেপ্টেম্বর। চারদলীয় জোট সরকারের পাঁচ বছরের মেয়াদে এটি হচ্ছে শেষ অধিবেশন।
