নির্বাচন কমিশনের পক্ষে সাফাই গেয়ে তোপের মুখে কৃষিমন্ত্রী
কর্তৃত্ব বহির্ভূতভাবে নির্বাচন কমিশনের পক্ষে সাফাই গাইতে গিয়ে তোপের মুখে পড়েছেন কৃষিমন্ত্রী এম কে আনোয়ার।
বিরোধী দলীয় সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত এম কে আনোয়ারের প্রায় ১০ মিনিটের অনির্ধারিত বক্তব্য সম্পর্কে ফ্লোর নিয়ে বলেন, তিনি (মন্ত্রী) এমনভাবে সংসদে কথা বললেন যেন মনে হচ্ছে নির্বাচন কমিশন কৃষি মন্ত্রালয়ে আওতাধীন একটি সংস্থা। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা। এর কার্যক্রম সম্পর্কে সংসদকে জানাতে পারেন সংসদ নেতা, সংসদের উপনেতা অথবা আইনমন্ত্রী। কোন স্বতন্ত্র মন্ত্রী নির্বাচন কমিশন সম্পর্কে কথা বলার অধিকার রাখেন না। নির্বাচন কমিশন প্রয়োজনে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কার্যক্রম সম্পর্কে জানাতে পারে।
সুরঞ্জিত সেনগুপ্ত ডেপুটি স্পিকারের উদ্দেশ্যে বলেন, প্রয়োজনে সময় স্থির করুন, আমরা সংসদে নির্বাচন কমিশন সম্পর্কে আলোচনা করবো। কোন স্বতন্ত্র মন্ত্রীকে এ ব্যাপারে বলতে দেবেন না।
এম কে আনোয়ার এই অভিযোগের জবাবে কিছু বলেননি। তবে ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী মন্ত্রীকে সমর্থন করে বলেন, একজন মন্ত্রী সাংসদও বটে। সে কারণে মন্ত্রী নির্বাচন কমিশন সম্পর্কে বলতে পারেন।
তবে ডেপুটি স্পিকারের বক্তব্যকে সমর্থন করে ক্ষমতাসীন দলের কোন সাংসদ এম কে আনোয়ারের পক্ষে বক্তব্য রাখেননি।
এম কে আনোয়ার পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বলেন, বিরোধী দলীয় সাংসদরা গত কয়েকদিন ধরে নির্বাচন কমিশন সম্পর্কে অসত্য তথ্য দিয়ে যাচ্ছেন। তিনি বলেন, বিরোধী দলীয় সাংসদরা বলছেন যে, নির্বাচন কমিশন নির্বাচনী তফসিল ঘোষণার আগেই ভোটকেন্দ্র স্থাপনের আদেশ দিয়েছে। কিন্তু প্রকৃত তথ্য হলো, নির্বাচন কমিশন সম্ভাব্য ভোটকেন্দ্র স্থাপনের আদেশ দিয়েছে। তাছাড়া বিরোধী দলীয় সাংসদ অভিযোগ করছেন যে কোটি কোটি ভুঁয়া ভোটারকে সাম্প্রতিক ভোটার তালিকায় স্থান দেয়া হয়েছে। এই ভোটার তালিকায় ভোটার বেড়েছে শতকরা ২৪ ভাগ। কিন্তু ২০০০ সালে তৈরি ভোটার তালিকায় ভোটার বেড়েছিলো শতকরা ৩২ ভাগ। তখন আমরা পয়েন্ট অব অর্ডারে কোন আপত্তি তুলিনি। অতীতে যেভাবে ভোটার তালকা তৈরি হয়েছে এবারও একইভাবে তা প্রস্তুত করা হয়েছে।
