২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের মত বিনিময়

তত্ত্বাবধায় সরকার ও নির্বাচন কমিশনের সংস্কার ছাড়া অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের এমনই ধারণা দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2006, 08:55 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

তবে ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দ বলেছেন, সংস্কার ছাড়াই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব।

রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্যের জবাবে ইইউ প্রতিনিধি দলের প্রধান এন্ড্রিউব্র“স আবারও বললেন, চলমান রাজনৈতিক সংকট সমাধানে সরকার ও বিরোধীদলের মধ্যে সংলাপের আয়োজন করতে হবে। আজ শনিবার সাতক্ষীরার তালায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে ইউরোপীয় ইয়নিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের মত বিনিময় কালে এসব বিষয় উঠে আসে।

আসন্ন নির্বাচন সম্পর্কে রাজনৈতিক নেতৃবৃন্দের মনোভাব জানতে বিকালে সাতক্ষীরার তালা উপজেলার বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা উত্তরণের ট্রেনিং সেন্টারে মতবিনিময় সভায় মিলিত হন সফররত ইইউ প্রতিনিধ দল। মধ্যাহ্নভোজ শেষে সভার সূচনা করেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে প্রথমেই জানতে চান আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর অনুকুল পরিবেশ থাকবে কী না? এ প্রশ্নের জবাবে সাবেক মন্ত্রী সৈয়দ দেদার বখত বলেন, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশনের সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন আশা করা যায়না। আওয়ামীলীগ নেতা অধ্যাপক আবু আহম্মেদ উপরোক্ত বক্তব্য সমর্থন ও প্রশাসনের তৃণমূল পর্যায়ে দলীয়করণ করা হয়েছে বলে অভিযোগ করেন। সাতক্ষীরার আওয়ামীলীগ নেতা সাবেক এমপি ডা. মোখলেছুর রহমান ও সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গত নির্বাচনের পর সংখ্যালঘূ নির্যাতনের দৃষ্টান্ত তুলে ধরে বলেন, সংস্কার ও প্রশাসন নিরপেক্ষ না হলে এবারও নির্বাচনের পর সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটতে পারে। সংস্কারের পক্ষে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খুলনা আওয়ামীলীগ নেতা এ্যাডভোকেট এনায়েত আলী, কমিউনিষ্ট পার্টির নেতা এ্যাডভোকেট ফিরোজ আমম্মেদ, জাসদ নেতা ওবাইদুস সুলতান বাবলু, জাতীয় পার্টির আব্দুস সালাম ও যশোর আওয়ামীলীগ নেতা খান টিপু সুলতান ।

অপরদিকে সাতক্ষীরার বিএনপি নেতা এ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী বিরোধী দলের সংস্কার প্রস্তাব নাকচ করে দিয়ে বলেন, বর্তমান পরিস্থিতিতেই  অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব।

সাতক্ষীরার জামাত নেতা আলতাফ   হুসাইন বলেন, বিদেশী  পর্যবেক্ষকদরে স্বাগত জানাই। কিন্তু অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ না করলে অভিনন্দন জানাবো। খুলনার বিএনপি নেতা গাজী শহিদুল্লাহ ও তালার বিএনপি নেতা মৃণাল রায়  তাদের দলীয় অবস্থান থেকে বক্তব্য রাখেন। যশোর কেশবপুর জামায়াতে ইশলামীর সাবেক এমপি মাওঃ সাখাওয়াত   হোসেন, জাপা(এ) নেতা সাতক্ষীরার এ্যাডভোকেট অব্দুর রহীম তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশনের সংস্কারের পক্ষে মতামত ব্যক্ত করেন। উভয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের বক্তব্যের জবাবে ইইউ প্রতিনিধিরা জানান, তারা বিভিন্ন দেশের নির্বাচন পর্যবেক্ষন করেন। পর্যবেক্ষক পাঠানোর উপযুক্ত পরিবেশ আছে কি না তা জানার জন্য তারা বাংলাদেশ এসেছেন। তারা বিভিন্ন শ্রেনী ও পেশার লোকজনের সঙ্গে কথা বলে ব্রাসেলসে চুড়ান্ত প্রতিবেদন পেশ করবেন। এন্ড্রিউব্র“স ছাড়াও ইইউ প্রতিনিধিদলের অপর সদস্যরা হলেন ব্রিট্রিজ মার্টিন, প্যাসকেলিন ক্রোনি, হান্মাহ রবার্টস, ইলিয়ান চেজলি, ভিক্টোর প্রেজ, ঢাকস্থ ইউরোপীয় কমিশনের সদস্য চার্লস হোয়াটলি। 

এর আগে শুক্রবার পর্যবেক্ষক দলটি কালিগঞ্জ উপজেলার সুশিলনের প্রধান কার্যালয়ে সকাল সাড়ে ১১টার দিকে এক সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেয়। এছাড়া বিকেলে সাতক্ষীরার শিক্ষক, ধর্মীয় নেতা, ব্যবসায়ী, স্থানীয় সাংবাদিক, মহিলা নেতা এবং বিভিন্ন এনজিওর প্রতিনিধিদের সঙ্গেও তারা মতবিনিময় করেন।