২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন কমিশন সংস্কারের দাবিতে ঢাবিতে মিছিল-সমাবেশ

তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার করে দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। একই সঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের পদত্যাগও দাবি করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2006, 05:20 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শনিবার মৌন মিছিল শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত এক সমাবেশে নেতৃবৃন্দ এ দাবি জানান। গত ১২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওকালে ১৪ দলের নেতা-কর্মীসহ সাধারণ মানুষের উপর পুলিশী নির্যাতনের প্রতিবাদ এবং তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

সংগঠনের সভাপতি অধ্যাপক শরিফ উল্লাহ ভূইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক আখতারুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, জোট সরকারের দুঃশাসনে দেশ আজ ধ্বংসের কিনারায় এসে পৌছেছে। ১৪ দলের নেতা- কর্মীদের উপর পুলিশের হামলা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। নেতৃবৃন্দ ঘটনার সঙ্গে জড়িত পুলিশ ও জোট সরকারের ক্যাডারদের শাস্তী দাবি করেন।

এর আগে বেলা ১২ টার দিকে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে একটি মৌন মিছিল বের করা হয়। মিছিলটি টিএসসি, দোয়েল চত্ত্বর হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।