নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ইইউ প্রতিনিধি দল সাতক্ষীরায়
আগামী জাতীয় সংসদ নির্বাচন পূর্ব পরিস্থিতি ও প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখার জন্য সাত সদস্যের ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দল শুক্রবার সাতক্ষীরায় আসেন।
প্রতিনিধি দলটি দেশের প্রত্যন্ত অঞ্চলের নির্বাচন - পূর্ব পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণের জন্য কালিগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রাম জাফরপুরে মুসলমান সম্প্রদায়ের সঙ্গে এবং বাঙ্গুয়ারডাঙ্গা গ্রামে হিন্দু সম্প্রদায়ের লোকদের সঙ্গে কথা বলেন। বিদেশী কোন প্রতিনিধি দল নির্বাচন পর্যবেক্ষণে এলে তারা স্বাগত জানাবে কিনা এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য ভালো হবে কিনা সে সব বিষয়ে গ্রামবাসীদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন তারা।
এর জবাবে গ্রামবাসী তাদের স্বতস্ফুর্ত মতামত প্রকাশ করেন।
ইউরোপীয় কমিশনের মানবাধিকার ও গণতন্ত্রায়ন বিষয়ক ইলেকশন ডেস্কের বহি:প্রচার বিভাগের মহা পরিচালক এন্ড্রু ব্র“সের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন ইইউ ব্রাসেলস সদর দপ্তরের মিসেস এনা বিট্টিস মার্টিনস, পেসকেলাইন ক্রোন, নির্বাচন ও আইন বিশেষজ্ঞ হালাহ রবার্টস, লজিস্টিক বিশেষজ্ঞ জুলিয়ান চিজলী, নিরাপত্তা বিশেষজ্ঞ ভিকটর পেরেজ সানুদো ও চার্লস হোয়াইটলি।
পরে প্রতিনিধি দলটি সাতক্ষীরা শহর থেকে ৩৫ কিলোমিটার দূরে কালিগঞ্জ উপজেলার একটি বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা সুশীলনের কার্যালয়ে যান। সেখানে তারা সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী, ও রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।
এরপর কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধি ও আগামী সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের সঙ্গেও মতবিনিময় করেন।
সভায় ইইউ প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর নির্বাচনী কর্মকান্ড, আইন - শৃঙ্খলা ও মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করবে ইইউ মিশন। সে লক্ষ্যে বর্তমান সরকারের আমলেই সার্বিক পরিস্থিতি দেখার জন্য তারা দেশের প্রত্যন্ত অঞ্চল সফর করছেন।
