দেশের বর্তমান পরিস্থিতির সঙ্গে নির্বাচন কমিশনের চিন্তার মিল নেই
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে নির্বাচন কমিশনের চিন্তার কোনো মিল নেই। বিরোধীদলের নির্বাচন বর্জনের সম্ভাবনা অনেক বেশী। সংকট সমাধানে সরকার ও বিরোধী উভয় দলকে সমঝোতায় বসা উচিত।
সফরকারী ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) প্রতিনিধি দলের সদস্যরা শনিবার বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে এই মন্তব্য করেন বলে জানিয়েছেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ব্যরিস্টার রোকনউদ্দিন মাহমুদ। হোটেল র্যাডিসন গার্ডেনে প্রতিনিধি দলের সঙ্গে এক সৌজন্য মধ্যাহ্নভোজ শেষে অপেক্ষমান সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ব্যরিস্টার রোকনউদ্দিন জানান, সম্ভাব্য তত্ত্বাবধায়ক সরকার প্রধান বিচারপতি কে এম হাসান সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তারা প্রশ্ন রাখেন, সংবিধানে যদি র্নিদলীয় ব্যক্তির তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার বিধান থাকে এবং তিনি আগে যদি রাজনীতির সঙ্গে জড়িত থাকেন; তাহলে তিনি কিভাবে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবেন?
জবাবে আইনমন্ত্রী মওদুদ আহমেদ বলেছেন, কে এম হাসান আগে রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও এখন নেই। তাছাড়া তিনি নিরপেক্ষতার সঙ্গে ১০ বছর সুপ্রীম কোর্টে বিচার কাজ পরিচালনা করেছেন।
মধ্যাহ্নভোজে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট এনজিও ব্যক্তিত্ব ফজলে হাসান আবেদ এবং প্রফেসর আতাউর রহমান।বৈঠক সম্পর্কে ব্যরিস্টার মওদুদ আহমেদ বলেন, দেশের বর্তমান পরিস্থিতি এবং আগামী নির্বাচন নিয়ে প্রতিনিধি দলের সঙ্গে কথা বলেছি। বিরোধীদলের সঙ্গে সংলাপ প্রশ্নে তিনি বলেন, আলোচনা হতে পারে। তবে বিরোধীদলকে শর্ত তুলে নিতে হবে।
সফরকারী প্রতিনিধি দলের সদস্যরা হলেন মার্কিন সিনেটর টমাস ডাসলে, নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী মাইক মুর এবং কম্বোডিয়ার সাবেক মন্ত্রী মিস মু সুকুয়া।
