এশিয়ান ইউনিয়ন গঠনে জলিলের আহ্বান
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য এশিয়ার রাজনৈতিক নেতাদের প্রতি একক এশিয়ান ইউনিয়ন অথবা এসোসিয়েশন গঠনের আহহ্বান জানিয়েছেন।
শুক্রবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে এশিয়ার রাজনৈতিক দলগুলোর চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনের প্রথম প্লেনারি সেশনে বক্তৃতাকালে তিনি এ আহ্বান জানান।
আব্দুল জলিল বলেন, এশিয়া পৃথিবীর সবচেয়ে বড় ও বৈচিত্র্যপূর্ণ মহাদেশে। বিশ্বের প্রায় অর্ধেকেরও বেশি মানুষের বাস এই মহাদেশেই। অথচ এশিয়দের কোনও ইউনিয়ন কিংবা এসোসিয়েশন নেই।
সন্ত্রাস নির্মূল সংক্রান্ত বেইজিং ঘোষণা ২০০৪ এর কথা উল্লেখ করে জলিল বলেন, এশিয়ায় সন্ত্রাস ও জঙ্গিবাদী তৎপরতার উত্থানের ফলে গণতন্ত্র ও শান্তি হুমকির মুখে পড়েছে।
তিনি আরও বলেন, একটি সমন্বিত উদ্যোগের মাধ্যমে এশিয়ার সার্বভৌম দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি করে সন্ত্রাসের মূলোৎপাটন করার এখনই উপযুক্ত সময়।
এশিয়ার রাজনৈতিক দলগুলোর এ সম্মেলন ৭ সেপ্টেম্বর শুরু হয়েছে। শেষ হবে ১০ সেপ্টেম্বর ।
বাংলাদেশসহ এশিয়ার ৩৪টি দেশের রাজনৈতিক দলের প্রায় ৩০০ প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়েছেন।
সম্মেলনে যোগদানকারী আওয়ামী লীগের দুই সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলের অপর সদস্য হচ্ছেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলহাজ্ব সৈয়দ আবুল হোসেন।
এশিয়ার দেশগুলোতে আন্তর্জাতিক সন্ত্রাস দমনে কার্যকর ভূমিকা পালনের লক্ষ্য নিয়ে ২০০২ সাল থেকে প্রতি বছর এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
