২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শায়খ রহমান, বাংলা ভাইসহ সাত জঙ্গির ফাঁসি হাইকোর্টে নিশ্চিত করা হলো, (সমন্বিত)

হাইকোর্ট বৃহস্পতিবার দেওয়া রায়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’তুল মুজাহিদিন বাংলাদেশ - এর শীর্ষ দুই নেতা শায়খ আব্দুর রহমান এবং সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইসহ সাত জঙ্গির মৃত্যুদণ্ড নিশ্চিত করেছেন।

নিজস্ব প্রতিবেদক

B

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2006, 06:26 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

রায়ে বিচারকগণ বলেন, ইসলামের নামে তারা যা করেছে, তা কোনোভাবেই ইসলাম অনুমোদন করেনা।

আদালত বলেন, বিচার আদালতের দেওয়া রায়ে হস্তক্ষেপ করার কোন অবকাশই নেই। সরকারপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত করেছে বলে তাদের মৃত্যুদন্ডাদেশ নিশ্চিত করা হলো।

আদালত সাত জঙ্গির মৃত্যুদন্ড নিশ্চিত এবং জেএমবি এর বোমা বিশেষজ্ঞ ইফতেখার হাসান আল মামুনের মৃত্যুদন্ডাদেশ রহিত করার আবেদন খারিজ করে দেন। সাত জঙ্গির মধ্যে একমাত্র মামুনই নিু আদালতের মৃত্যুদন্ডাদেশের বিরুদ্ধে আবেদন জানিয়েছেন। 

হাইকোর্টে ডেথ রেফারেন্সের শুনানি ১ আগস্ট থেকে শুরু হয় এবং তা ২৩ আগস্ট শেষ হয়।

ঝালকাঠি জেলা আদালতের দুই বিচারক হত্যা মামলায় আসামীদের বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডাদেশ এই রায়ে নিশ্চিত করা হলো।

অপরাধ আইন বিশেষজ্ঞ আনিসুল হক বিডিনিউজকে বলেন, যে কোন আসামীরই ৩০ দিনের মধ্যে মৃত্যুদন্ডের বিরুদ্ধে আপিল করার অধিকার রয়েছে।

“আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এই রায়ের বিরুদ্ধে আপিল না করলে আগামী ১০ অক্টোবরে এই রায় বাস্তবায়নের ক্ষেত্রে কোন বাধা থাকার কথা না,” তিনি মন্তব্য করেন।

রায়কে ‘যুগান্তকারী’ হিসেবে অভিহিত করে ডেপুটি অ্যাটর্নী জেনারেল হেলালউদ্দিন মোল্লাহ বিডিনিউজকে বলেন, এদের মধ্যে যে কোনো একজন এই রায়ের বিরুদ্ধে আপিল করলেও অন্যদের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না।

প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ বলেন, সরকার এই রায় বাস্তবায়ন করলেই কেবল সন্ত্রাস দমনে সরকারের সদিচ্ছার প্রমাণ মিলবে।

এর আগে গত ২৯ মে ঝালকাঠির একটি কোর্ট ইসলামী জঙ্গি সংগঠন জেএমবির সাত নেতাকে ওই মামলায় মৃত্যুদন্ড দেওয়া হয়। অপর পাঁচজন হলো - জেএমবির সামরিক শাখার প্রধান এবং শায়খ আবদুর রহমানের ছোট ভাই আতাউর রহমান সানি, শায়খ রহমানের জামাতা আবদুল আউয়াল, মোহাম্মদ ইফতেখার হাসান আল মামুন, মোহাম্মদ ফারুক হোসেন ওরফে খালেদ সাইফুল্লাহ এবং আসাদুল ইসলাম আরিফ।

গত ২৯ আগস্ট ডেথ রেফারেন্সের রায় এর প্রথম দিন আদালত ৪৪ জন সাক্ষীর মধ্যে ৩৭ সাক্ষীর সাক্ষ্য পর্যালোচনা সম্পন্ন করেন।

বিচারপতি মোহাম্মদ আলী আসগর খান এবং বিচারপতি ইমদাদুল হক কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রায় প্রদান করেন।

অ্যানেক্স ভবনের ৯ নম্বর কক্ষে অনুষ্ঠিত ডেথ রেফারেন্সের রায় প্রদানকালে দেশি সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন বিদেশী সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।