২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসান আজিজুল হক ও মুহাম্মদ জাফর ইকবালসহ বুদ্ধিজীবীদের হুমকির ঘটনায় বিভিন্ন সংগঠনের নিন্দা ও ক্ষোভ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বরেণ্য কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও লেখক মুহাম্মদ জাফর ইকবালসহ দেশের বরেণ্য বুদ্ধিজীবীদের শিবির ক্যাডারদের হুমকির ঘটনায় শুক্রবার দেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2006, 09:08 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

বিবৃতি প্রদানকারী সংগঠনের মধ্যে রয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, শিক্ষা আন্দোলন মঞ্চ, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি মনজুরুল আহসান খান ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম অধ্যাপক হাসান আজিজুল হককে হুমকি প্রদানকারী শিবির ক্যাডারদের গ্রেপ্তার ও বিচার দাবি করে বলেন, এভাবে প্রকাশ্যে একজন প্রথিতযশা সাহিত্যিককে হত্যার হুমকি দেওয়ার পরেও রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী নীরব দর্শকের ভূমিকা পালন করে যাচ্ছে। এতেই প্রমাণিত হয় সরকার খুনিদের উৎসাহিত ও রক্ষার জন্যই আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যাবহার করছে। কিন্তু এতেও ফ্যাসিস্ট সরকার খুনিদের রক্ষা করতে পারবে না। জনগণ মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী মৌলবাদী জামায়াত-শিবির চক্রকে একাত্তরের মতো আবারও প্রতিহত করবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) আহ্বায়ক কমরেড খালেকুজ্জামান দেশের বরেণ্য বুদ্ধীজীবীদেরকে প্রাণনাশের হুমকির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, অধ্যাপক হাসান আজিজুল হক ও অধ্যাপক জাফর ইকবাল দুজনই খ্যাতনামা সাহিত্যিক এবং  দেশের গণতন্ত্র ও শিক্ষা আন্দোলনের পুরোধা ব্যাক্তিত্য। তাদেরকে আক্রমণের অর্থ হল সকল গণতান্ত্রিক শক্তির ওপর আঘাত হানা।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এবং মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী দক্ষিণ এশীয় গণসম্মিলন নেতারা এক বিবৃতিতে বলেন, প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশ্রয় ও প্রশ্রয়ে জামায়াতের ঘাতক ও জঙ্গিরা একাত্তরের মতো একের পর এক  দেশের বরেণ্য বুদ্ধিজীবীদের হত্যা করছে। এ সকল হত্যাকাণ্ড ও হত্যার হুমকি বাংলাদেশকে পাকিস্তান ও আফগানিস্তানের মতো কট্টর মৌলবাদী রাষ্ট্র বানানোর একটি চক্রান্ত।

বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন অধ্যাপক কবীর চৌধুরী, মহিলা পরিষদের সভানেত্রী হেনা দাস, বিচারপতি কেএম সোবহান, অ্যাডভোকেট গাজীউল হক, শিল্পী কলিম শরাফী, অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, ব্যারিস্টার শফিক আহমেদ, সাংবাদিক কামাল লোহানী, লেখক সৈয়দ শামসুল হক, লে. কর্নেল আবু ওসমান চৌধুরী ও ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী।

এছাড়া সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সভাপতি খালেকুজ্জামান লিপন ও সাধারণ সম্পাদক নিখিল দাস, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব হযরত মাওলানা হামিদুল্লাহ ইবনে হাফেজ্জী এবং শিক্ষা আন্দোলন মঞ্চ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক অজয় রায় পৃথক পৃথক বিবৃতিতে দেশের বরেণ্য বুিদ্ধজীবীদের হুমকি প্রদানের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।