২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অধ্যাপক হাসান অজিজুল হক ও ড. জাফর ইকবালসহ বুদ্ধিজীবীদের হুমকির ঘটনায় আব্দুল জলিলের উদ্বেগ

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলীয় বিরোধী জোটের সমন্বয়ক আব্দুল জলিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বরেণ্য কথাসাহিত্যিক হাসান আজিজুল হক এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বরেণ্য লেখক অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবালসহ দেশের কয়েকজন বুদ্ধিজীবীকে শিবির ক্যাডারদের প্রাণনাশের হুমকির ঘটনায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2006, 05:49 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

শুক্রবার এক বিবৃতিতে তিনি বুদ্ধিজীবীদের হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, একাত্তরের ঘাতক জামাত - শিবির চক্র সরকারের পৃষ্ঠপোশকতায় মুক্তচিন্তা ও অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনায় বিশ্বাসী লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবী ও রাজনৈতিক ব্যক্তিদের কন্ঠরোধ ও হত্যা করে দেশকে সাম্প্রদায়িক জঙ্গিদের নিরাপদ আশ্রয়ে পরিণত করার অপচেষ্টা চালাচ্ছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, অতীতেও জোট সরকারের শরিক ঘাতক জামাত--শিবির চক্র দেশের মুক্তচিন্তার বুদ্ধিজীবীদের শুধুৃমাত্র হত্যার হুমকি দিয়েই ক্ষান্ত হয়নি, তাদের হাতে নির্মমভাবে নিহত হয়েছেন দেশের প্রগতিশীল লেখক ও বুদ্ধিজীবী অধ্যাপক হুমায়ুন আজাদ, অধ্যাপক ড. মো. ইউনূস, অধ্যাপক আবু তাহের ও অধ্যক্ষ গোপালকৃষ্ণ মুহুরীসহ অনেকেই। তাদের এই হুমকি ও আক্রমণ থেকে রেহাই পাননি সদ্য প্রয়াত কবি শামসুর রাহমানসহ দেশের আরো অনেক বরেণ্য বুদ্ধিজীবী।

তিনি বলেন, এই ঘাতক অপশক্তি ১৯৭১ সালে আমাদের মহান মুক্তিযদ্ধের বিজয়ের উষালগ্নে জাতিকে মেধা শূণ্য করার উদ্দেশ্যে দেশের প্রগতিশীল শিক্ষক ও বুদ্ধিজীবী হত্যার যে ধারা সূচনা করেছিলো বিএনপি--জামাত জোট সরকারের পৃষ্ঠপোশকতায় সেই ধারা এখনও অব্যাহত রয়েছে। এই অশুভ শক্তির বিরুদ্ধে দেশের আপামর জনগণকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান।

আব্দুল জলিল দেশের বরেণ্য বুদ্ধিজীবীদেরকে প্রাণনাশের হুমকি প্রদানকারী জামাত--শিবির ক্যাডারদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান।