২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জুকে বহিষ্কার, হুইপ আশরাফ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা

দলীয় শৃংখলা ভঙ্গ এবং দলীয় পদ অবৈধভাবে ব্যবহারের অভিযোগে খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মঞ্জুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও হুইপ মো. আশরাফ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা এবং দল থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2006, 07:47 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

দলীয় চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের বিরুদ্ধে অশালীন বক্তব্য দেওয়ায় হুইপের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়।

শুক্রবার দলীয় কার্যালয়ে আলী আসগর লবী এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত মহানগর বিএনপির আহ্ববায়ক কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন মেয়র শেখ তৈয়েবুর রহমান, জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মাজিদুল ইসলাম,জাফর উল্লাহ খান, সিরাজুল ইসলাম, কাজী মো. রাশেদ, আমজাদ হোসেন, আসাদুজ্জামান ফুলু, আমানল্লাহ আমান প্রমুখ।

অন্যদিকে এই বহিষ্কারকে কেন্দ্র করে শহরে মেয়র - মন্ত্রী - মাজেদ গ্রুপের সঙ্গে আশরাফ - মঞ্জু - দাদু গ্রুপের সংঘর্ষের আশংকা দেখা দিয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি হুইপ আশরাফ হোসেন দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সম্পর্কে পরিবারতান্ত্রিক রাজনীতির কথা বলে দলের মধ্যে বির্তকিত হন।