জাময়াতের উচ্চ পর্যায়ের বৈঠক: বিএনপি’র সাথে আসন ভাগাভাগি এবং এরশাদকে জোটে নেয়া নিয়ে আলোচনা
জামায়াতে ইসলামী বাংলাদেশের এক উচ্চ পর্যায়ের রুদ্ধদ্বার বৈঠক শনিবার রাজধানীর মগবাজারে অনুষ্ঠিত হয়েছে।
জামায়াত সূত্র জানায়, বৈঠকে আলোচনার প্রধান বিষয় ছিল পরবর্তী সংসদ নির্বাচনে বিএনপি’র সাথে আসন ভাগাভাগি এবং চারদলীয় জোটে এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির অন্তর্ভূক্তি।
জামায়াতের সাংসদ, কেন্দ্রীয় নেতা এবং জেলা পর্যায়ের আমিরসহ প্রায় ২০০ নেতা বৈঠকে অংশ নেন বলে ঐ সূত্রে জানা যায়।
সূত্র জানায়, বৈঠকটি মগবাজার আল ফালাহ মিলনায়তনে সকাল সাড়ে ১০ টায় শুরু হয়।
জামায়াত সূত্রে বলা হয়েছে, কিছু জেলার আমির স্বৈরশাসক হুসেইন মোহাম্মদ এরশাদের জোটে অন্তর্ভূক্তি প্রশ্নে উদ্বেগ প্রকাশ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন জামায়াত নেতা জানান, বৈঠকে বক্তারা পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে জোট প্রার্থীদের মধ্যে জামায়াতের জন্য ৫০টির বেশি আসন দাবি করেছেন।
