সাংসদের ক্ষোভ
নিজ নির্বাচনী এলাকার থানা নির্বাচন কর্মকর্তার অসহযোগিতামূলক আচরণে অসন্তুষ্ট হয়ে গাজীপুরের শ্রীপুর--কালিয়াকৈর আসনের সাংসদ অ্যাডভোকেট রহমত আলী বৃহস্পতিবার ছুটে এসেছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ে। কিন্তু শেষ পর্যন্তওই কর্মকর্তার বিরুদ্ধে কমিশনে লিখিত অভিযোগ না করেই ফিরে গেছেন তিনি।
তবে কমিশন সচিবালয়ে এসময় উপস্থিত সাংবাদিকদের তিনি জানান, বিশেষ প্রয়োজনে নিজ এলাকার বিদ্যমান ভোটার তালিকাটি পরীক্ষা করে দেখার জন্য তিনি শ্রীপুর থানা নির্বাচন কর্মকর্তার সহযোগিতা চেয়েছিলেন। কিন্তু বারবার চাওয়ার পরও ওই কর্মকর্তা তার অনুরোধটি আমলেই আনেননি।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘একজন সাংসদের প্রতিই যদি নির্বাচন কর্মকর্তাদের আচরণ এরকম হয়, সাধারণ মানুষের অবস্থা তাহলে কী হতে পারে তা সহজেই অনুমেয়’।
এ নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করবেন কিনা এ প্রশ্নের জবাবে অবশ্য তিনি না বলেছেন। পরে কমিশন সচিবালয়ের উর্ধতন কর্মকর্তারা প্রয়োজনীয় সহযোগিতা দেবেন বলে তাকে আশ্বস্ত করেন।
