২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতার আশঙ্কা উপেক্ষা করে শান্তিপূর্ণভাবে পালিত ১৪ দলের পদযাত্রায় হাজারো মানুষের ঢল, ১ম লিড

নাশকতামূলক হামলার আশঙ্কা উপেক্ষা করে মঙ্গলবার আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের ৬ দিন ব্যাপী পদযাত্রা কর্মসূচির প্রথম দিন হাজার হাজার মানুষের অংশগ্রহণের মধ্যে দিয়ে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। অংশগ্রহণকারীরা জোট সরকারের পদত্যাগ ও সংস্কারের ভিত্তিতে অবাধ নিরপেক্ষ নির্বাচন আদায়ের শপথ পুনর্ব্যক্ত করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2006, 06:00 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

সরকারের পক্ষ থেকে নাশকতার আশংকা এবং ব্যাপক গণগ্রেফতার উপেক্ষা করে নারী পুরুষ, বৃদ্ধ যুবা  নির্বিশেষে ১৪ দলের সর্বস্তরের নেতা কর্মী সমর্থক টঙ্গীর আব্দুল্লাহ্পুর থেকে ঢাকার মহাখালী পর্যন্ত ১৪ কিলোমিটার পথ পায়ে হেঁটে অহিংস এই কর্মসূচিতে অংশ নেন।

ঢাকঢোল বাদ্য বাজনা বাজিয়ে, উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দিতে দিতে এগিয়ে যান তারা। মিছিলকারীরা বিভিন্ন শ্লোগান লেখা ব্যানার, পোস্টার, প্ল্যাকার্ড ও ফেস্টুন বহন করেন।

প্রধান নির্বাচন কমিশনারসহ অপর দুই নির্বাচন কমিশনারের পদত্যাগ ও নতুন নির্বাচন কমিশন গঠন এবং তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের দাবিতে বিরোধী দল এই পদযাত্রা কর্মসূচির আয়োজন করে।

বিরোধী দলের এই কর্মসূচি উপলক্ষে নিরাপত্তা বিধান ও শৃংখলা রক্ষায় পুলিশ, বিডিআর, র‌্যাব, এপিবিএন এবং সশস্ত্র বাহিনীর সদস্যসহ বিপুল পরিমান আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতয়েন করা হয়। 

বিরোধী দলের কর্মসূচি চলাকালে জঙ্গি হামলাসহ নাশকতার ঘটনা ঘটতে পারে বলে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টের ভিত্তিতে পদযাত্রার বিভিন্ন পয়েন্টে চূড়ান্ত নিরাপত্তা রক্ষায় কাজ করে এসব বাহিনী।

পদযাত্রা উপলক্ষে সমাবেশ স্থলগুলো র‌্যাব ডগ স্কোয়াড নিয়ে ব্যাপক তল্লাশি চালায়। তিন ঘন্টাব্যাপী পদযাত্রার সময় হেলিকপ্টারে করে নিরাপত্তা পরিস্থিতির ওপর নজর রাখেন আইনশৃঙ্খলা রক্ষাকারীরা। সাঁজোয়া যানসহ প্রয়োজনীয় আধুনিক অস্ত্র নিয়ে তারা পুরো কর্মসূচি মনিটর করে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র মতে, মঙ্গলবারের কর্মসূচি উপলক্ষে পদযাত্রার রুট ও নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ১৩০ জন মহিলা সদস্যসহ ৪ সহস্রাধিক পুলিশ, ৩ হাজার র‌্যাব, বিডিআর, সাদা পোষাকের পুলিশ ও গোয়েন্দাসহ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রচুর সংখ্যক সদস্য মোতায়েন ছিল।

পদযাত্রার পুরো সময় জুড়ে সিভিল অ্যাভিয়েশন থেকে ভাড়া করা একটি হেলিকপ্টার নিয়ে র‌্যাবকে সংশ্লিষ্ট রুটের আকাশে টহল দিতে দেখা যায়। এছাড়া র‌্যাব ও সাদা পোষাকের পুলিশ বিভিন্ন ভবনের ছাদ, রাস্তা ও গোপন স্থান থেকে ভিডিও ও স্থির চিত্র গ্রহণ করে।

ডিবি’র এডিসি শহিদুল ইসলাম বিডিনিউজকে জানান, টঙ্গী থেকে মহাখালী পর্যন্ত নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

কর্মসূচি চলাকালে টঙ্গীতে একটি মিনিবাস এবং একটি সিএনজি চালিত অটোরিকশা ভাংচুরের ঘটনা ঘটে। এছাড়া আর কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া য়ায়নি।

টঙ্গীতে একটি সমাবেশ শেষে বিকেল সাড়ে ৪ টায় আবদুল্লাহপুর থেকে বিরোধী দলের কয়েক হাজার নেতা কর্মী পদযাত্রা শুরু করে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপি, আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক এমপি, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেন গুপ্ত এমপি, মতিয়া চৌধুরী, আবুল মাল আব্দুল মুহিত, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, নুরুল ইসলাম, আসাদুজ্জামান নূর এমপি, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, তানজিম আহসান সোহেল তাজ এমপি, জাহিদ আহসান রাসেল এমপি, সাবেক সাংসদ আলহাজ্ব রহমত উল্লাহ্, হাজী মোহাম্মদ সেলিম, ডা: এইচবিএম ইকবালসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা পদযাত্রায় অংশ নেন।

রাত সাড়ে সাতটায় পদযাত্রাটি মহাখালীতে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয।

পদযাত্রার কারণে বিকেল ৩ টা থেকে পুলিশ ঢাকা -- ময়মনসিংহ সড়কসহ বেশ কয়েকটি রুটে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। বিভিন্ন রাস্তায় যানবাহন অপসারণের ব্যবস্থা করা হলেও ব্যাপক যানজটের সৃষ্টি হয় এবং অসহনীয় দুর্ভোগের শিকার হন যাত্রীরা। হাজার হাজার মানুষকে পায়ে হেঁটে দীর্ঘ পথ পারি দিতে হয়।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার নারায়ণগঞ্জ রিংরোড থেকে যাত্রাবাড়ি, ২৯ জুলাই নয়াবাজার ব্রিজ থেকে মুক্তাঙ্গন ও ৩০ জুলাই আমিনবাজার থেকে রাসেল স্কয়ার পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হবে।

এছাড়া কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি ১৪ দল ২৭ জুলাই দেশের প্রতিটি ইউনিয়ন থেকে থানা সদরে এবং ২৮ জুলাই জেলা সদরের প্রধান সড়কে পাঁচ কিলোমিটার ব্যাপী পদযাত্রা কর্মসূচি পালন করবে।