দেশের উন্নয়নের স্বার্থেই বিএনপিকে আবারও ক্ষমতায় আসতে হবে -- নয় সাবেক সামরিক কর্মকর্তার বিএনপিতে যোগদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছেন, জোট সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে দিশেহারা হয়ে একটি মহল দেশকে ধ্বংস করতে ষড়যন্ত্র করছে। তারা দেশের উন্নয়ন চায় না। এসব দেশবিরোধী ষড়যন্ত্রকারিদের বিরুদ্ধে দেশপ্রেমিক নাগরিকদের ঐক্যবদ্ধ হতে হবে।
প্রধানমন্ত্রীর সান্ধ্যকালীন কার্যালয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রোববার আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে তিনি একথা বলেন।
অনুষ্ঠানে সাবেক নৌবাহিনী প্রধান ও সাবেক আট সেনা কর্মকর্তা প্রধানমন্ত্রীর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে বিএনপিতে যোগ দেন। প্রধানমন্ত্রী তাদের স্বাগত জানান।
যোগদানকারিরা হচ্ছেন- সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল এসআই মোস্তফা, সেনাবাহিনীর লে. কর্ণেল (অব.) আব্দুল খালেক, লে. কর্ণেল (অব.) মুখতারুল করিম, লে. কর্ণেল (অব.) এএইচএম রুহুল ইসলাম, লে. কর্ণেল (অব.) এম বদিরুর রহমান, লে. কর্ণেল (অব.) মো. নকিবুর রহমান, মেজর (অব.) নূরুল আলম, মেজর (অব.) গোলাম মোস্তফা, মেজর (অব.) এম শাহাবুদ্দিন।
এ সময় দলের মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
খালেদা জিয়া সাবেক সামরিক কর্মকর্তাদের তাদের অর্জিত অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে দলের জন্য কাজ করার আহ্বান জানিয়ে বলেন, বিএনপি যখন ক্ষমতায় থাকে তখনই দেশের উন্নয়ন হয়। আর তারা যখন ক্ষমতায় থাকে, তখন দেশ পিছিয়ে পড়ে। তাই তারা বিএনপির উন্নয়ন কর্মকাণ্ডে প্রতিবন্ধকতার সৃষ্টি করে দেশকে পেছনে ফেলে রাখতে চায়।
তিনি বলেন, দেশের উন্নয়ন ও মানুষের স্বার্থেই বিএনপিকে আগামীতে আবারো ক্ষমতায় আসতে হবে। একই সাথে ষড়যন্ত্রকারি শক্তিকে আগামী নির্বাচনে রুখতে হবে। এজন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।
পরে প্রধানমন্ত্রী একই স্থানে চুয়াডাঙ্গার দুটি ও কুষ্টিয়ার চারটি আসনের দলীয় সাংসদ, জেলা, উপজেলা ও পৌর কমিটির ৩৭ জন নেতার সাথে মতবিনিময় করেন।
সূত্র জানায়, চুয়াডাঙ্গা জেলার নেতারা তাদের দুটি আসনে ত্রিমুখী কোন্দলের অভিযোগ করে সেখানে যোগ্য নেতাদের মনোনয়ন দেওয়ার দাবি জানান।
একই সাথে আগামী নির্বাচনে ওই আসনগুলো ধরে রাখার জন্য দলীয় কোন্দল নিরসনে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ কামনা করেন।
তৃণমূল নেতারা অভিযোগ করেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ ও বিদ্যুৎ সংকট হ্রাসে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্যও প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান।
রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত কুষ্টিয়ার নেতাদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক চলছিল।
