প্রধানমন্ত্রীর সঙ্গে সন্তু লারমার আকস্মিক সাক্ষাত, স্থায়ী বাসিন্দাদের নিয়ে পার্বত্য অঞ্চলে নির্বাচন দাবি
প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে পার্বত্য আঞ্চলিক পরিষদ এর চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা রোববার আকস্মিকভাবে সৌজন্য সাক্ষাত করেছেন।
বৈঠক সূত্র জানায়, দ্বিপক্ষীয় সাক্ষাতে সাবেক গেরিলা নেতা সন্তু লারমা পার্বত্য চট্টগ্রামের শুধু স্থায়ী বাসিন্দাদের নিয়ে পৃথক ভোটার তালিকায় পার্বত্য অঞ্চলের সব নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন।
একই সঙ্গে তিনি ঐতিহাসিক পার্বত্য শান্তিচুক্তি যথাযথ বাস্তবায়নের জন্য সরকারকে আবারও তাগিদ দেন।
ভিন্ন একটি সূত্র জানায়, প্রধানমন্ত্রী আগামী নির্বাচনে সন্তু লারমা তথা জনসংহতি সমিতির নিরঙ্কুশ সমর্থন দাবি করেন। তিনি সমিতির দাবি -- দাওয়া পর্যায়ক্রমে মানা হবে বলেও প্রতিশ্র“তি দেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকটি প্রায় ২০ মিনিট স্থায়ী হয় বলে জানা গেছে। এতে অন্যান্যের মধ্যে উপস্থিতি ছিলেন পার্বত্য আঞ্চলিক পরিষদ সদস্য ও জনসংহতি সমিতির শীর্ষ স্থানীয় নেতা রূপায়ন দেওয়ান।
সূত্র মতে, সরকারের একেবারে শেষ সময়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পাহাড়ি নেতার এই বৈঠকটি রাজনৈতিক বিবেচনায় বিশেষ গুরুত্ব বহন করছে।
প্রসঙ্গত, সংসদের বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সম্প্রতি তৃণমূল পর্যায়ের দলীয় নেতাকর্মীদের ধারাবাহিক সাক্ষাতে পাহাড়ি নেতারা অভিমত প্রকাশ করেন, গত সংসদ নির্বাচনে জনসংহতি সমিতির অসহযোগিতার কারণেই আওয়ামী লীগকে একমাত্র বান্দরবান বাদে রাঙামাটি ও খাগড়াছড়ির দুটি নিশ্চিত আসন হারাতে হয়েছে।
