লেবাননে ইসরায়েলি হামলা রাষ্ট্রীয় ও ধর্মীয় সন্ত্রাস: পররাষ্ট্রমন্ত্রী, বিস্তারিত
মধ্যপ্রাচ্যে অমানবিক কর্মকাণ্ডের কঠোর নিন্দা জানিয়ে লেবাননে ইসরায়েলি হামলাকে রাষ্ট্রীয় ও ধর্মীয় সন্ত্রাস হিসেবে অভিহিত করেছে সরকার।
পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান বৃহস্পতিবার বলেন, এ ব্যাপারে নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। একে আমরা রাষ্ট্রীয় সন্ত্রাস হিসেবে বিবেচনা করছি। এ হামলা মানবাধিকারের চরম লঙ্ঘন। এটি ধর্মীয় সন্ত্রাস ছাড়া আর কিছুই নয়।
জাতীয় প্রেসক্লাবে ওভারসিজ করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওকাব) এর সদস্যদের উদ্দেশে বক্তৃতায় মোরশেদ খান লেবাননে ইসরায়েলি হামলায় ওআইসি এবং আরব লীগের ভূমিকারও সমালোচনা করেন।
তিনি বলেন, এ ঘটনায় ওআইসি এবং আরব লীগের ভূমিকায় আমরা সন্তুষ্ট নই। তাদের আরও অনেক কিছু করার আছে।
লেবাননে বসবাসকারী বাংলাদেশীদের ফিরিয়ে আনার ব্যাপারে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের অনেক নাগরিক দেশটিতে অবৈধভাবে যাওয়ায় সেখানে অবস্থানরত বাংলাদেশীর সঠিক সংখ্যা আমাদের অজানা। যদিও আমরা আইওএম’র সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি। বাংলাদেশের নাগরিকরা সীমান্ত অতিক্রম করে সিরিয়া ও জর্ডানে অবস্থান নিয়েছে বলে আমরা খবর পেয়েছি।
মোরশেদ খান তার লিখিত বক্তব্যে বলেন, বাংলাদেশ মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও সমৃদ্ধির ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ। ফিলিস্তিনি সংকটের শান্তিপূর্ণ সমাধানে আমাদের সমর্থন অব্যাহত থাকবে।
মোরশেদ খান বলেন, ফিলিস্তিনি জনগণের অধিকার এবং জেরুজালেমকে তাদের রাজধানী হিসেবে পাওয়ার অধিকারের ব্যাপারে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। ফিলিস্তিন পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানের প্রশ্নে মার্কিন ও আরব লীগের রোডম্যাপের প্রতি বাংলাদেশ তার অবস্থানে এখনো অনঢ়।
মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করে মোরশেদ খান লেবাননে ইসরায়েলি আগ্রাসন রোধে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, বাংলাদেশ ইরাকসহ সকল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারাবদ্ধ। ইরাকের জনগণের অবর্ণনীয় দুর্ভোগে জাতিসংঘের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত।
অনুষ্ঠানে মন্ত্রী ভারত, মায়ানমার ও মার্কিন ইস্যুতে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হন।
অবৈধ বাণিজ্য সীমান্ত সংঘর্ষের মূল কারণ হলেও তিনি সীমান্ত ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেন।
জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো আসোর’র আসন্ন সফরের ব্যাপারে জানতে চাওয়া হলে মোরশেদ খান বলেন, পদ্মা সেতু ও গভীর সমুদ্র বন্দর নির্মাণে বাংলাদেশ জাপানকে অনুরোধ জানাবে।
ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে মোরশেদ খান বলেন, আলোচনার মাধ্যমে ওই সমস্যার শান্তিপূর্ণ সমাধান হতে পারে বলে বাংলাদেশ বিশ্বাস করে।
ঘন্টাব্যাপী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওকাবের সভাপতি শামীম আহমেদ। সংগঠনের সাধারণ সম্পাদক কাদির কল্লোল মন্ত্রীকে স্বাগত জানান।
