২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলনের মুখে মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রকল্পভূক্ত ৭২২ কর্মীকে রাজস্ব খাতে নেওয়ার দাবি মানলো সরকার

অব্যাহত আন্দোলন ও আমরণ অনশন কর্মসূচির মুখে শেষ পর্যন্ত সরকার মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রকল্পভূক্ত ৭২২ জন কর্মকর্তা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে নেওয়ার আশ্বাস দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2006, 03:11 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

তাদের ২৪ মাসের বকেয়া বেতন ভাতা বাবদ শিগগিরই সাড়ে ছয় কোটি টাকা প্রদান করা হবে। এই টাকা দেওয়া হবে থোক বরাদ্ধ থেকে।

থোক বরাদ্দ থেকে টাকা পাওয়ার জন্যে বৃহস্পতিবার অর্থ মন্ত্রনালয়ে চিঠি পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী আলমগীর কবির সাংবাদিকদের এ তথ্য জানান।

এ সময় মন্ত্রনালয়ের সচিব মো: কামাল উদ্দিন ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলমগীর কবির বলেন, ৭২২টি পরিবারের সদস্যরা যখন কোলের শিশুকে পাশে রেখে তাদের ন্যায্য দাবি আদায়ের জন্যে অনশন করছিলেন তখন বিষয়টি অন্তর দিয়ে উপলব্ধি করেছি। তাদের এ মর্মান্তিক ও করুণ দৃশ্যের কথা প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে জানিয়েছি। প্রধানমন্ত্রীর নির্দেশেই তাদের দাবি মেনে নেওয়া হয়েছে।

তিনি বলেন, জোট সরকারের কাছে ’৯৭ সালের বিধি বিধান ও ওয়ার্ল্ড ব্যাংকের সামান্য বদান্যতা বড় নয়; মানুষের বেঁচে থাকার অধিকারটিই বড়।

প্রতিমন্ত্রী বলেন, জোট সরকার কোন চাপের কাছে নতি স্বীকার করেনি। মানবিক মূল্যবোধ থেকে অধিদপ্তরের বহুদিনের বিরাজমান সংকট নিরসন করেছে।

দাতা সংস্থা ও বাংলাদেশ সরকারের অর্থায়নে ১৯৯৮ সালে প্রকল্পটি শুরু  হয়। ২০১৫ সাল পর্যন্ত প্রকল্পের জন্য চুক্তি থাকলেও অর্থায়ন বন্ধ হওয়ায় ২০০৪ সালের জুলাই মাস থেকে এসব কর্মকর্তা ও কর্মচারির বেতন - ভাতা বন্ধ রয়েছে।

বকেয়া বেতন ও ভাতা এবং চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে ওইসব কর্মকর্তা ও কর্মচারি এক সপ্তাহ ধরে অনশনসহ বিভিন্ন আন্দোলনে রয়েছে।