২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কার সংলাপের জন্য ১৪ দল সরকারকে আর প্রস্তাব দেবে না

তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থা সংস্কার প্রশ্নে সংলাপের জন্য আওয়ামী লীগসহ ১৪ দল সরকারকে আর কোনো আনুষ্ঠানিক প্রস্তাব দেবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2006, 05:47 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপি বুধবার এ কথা জানান। তিনি বলেন,  আমরা আমাদের প্রস্তাব ইতোমধ্যেই জানিয়ে দিয়েছি। সংলাপের নতুন প্রস্তাব সরকারের পক্ষ থেকেই আসতে হবে।

বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত ঢাকা মহানগর ১৪ দল নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় নেতৃত্বের মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আবদুল জলিল এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপি জামাত জোট আবারও ক্ষমতায় আসতে ভোট কারচুপির চক্রান্ত করছে। ভোট চুরি করে ক্ষমতা কুক্ষিগত রাখতে চায় বলে তারা সংস্কার প্রস্তাব মানতে চায় না।

তিনি বলেন, তত্ত্বাধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থার সংস্কারকে পাশ কাটাতে তারা টালবাহানা ও ছলচাতুরি করছে। এ নিয়ে ইচ্ছেকৃতভাবে কালক্ষেপন করছে সরকার। কিন্তু দেশের মানুষ ভোট কারচুপির সকল ষড়যন্ত্র প্রতিহত করবে।  প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তিনি একদিকে সংস্কার নিয়ে আলোচনার কথা বলছেন। অন্যদিকে বিভিন্ন সভা সমাবেশে বলছেন, সংস্কারের কোনোই প্রয়োজন নেই, বর্তমান পদ্ধতিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। 

ব্যবসায়ীদের গৃহীত উদ্যোগ এবং দুই দলের মহাসচিব পর্যায়ের প্রস্তাবিত বৈঠক সম্পর্কে ১৪ দলের সমন্বয়ক বলেন, এমন কোনো প্রস্তাব সরকারের পক্ষ থেকেই আসতে হবে। আমরা সংস্কার প্রস্তাবের বাস্তবায়ন চাই। সুতরাং আমাদের নতুন করে কোনো প্রস্তাব দেওয়ার কিছুই নেই। 

সভায় ১৪ দল নেতৃবৃন্দ সংস্কার প্রস্তাব বাস্তবায়নসহ বিভিন্ন ইস্যুতে চলমান আন্দোলন এগিয়ে নেওয়ার জন্য জোটের সর্বস্তরের নেতা কর্মী এবং জনগণের প্রতি আহ্বান জানান।

সভা থেকে জানানো হয়, সংস্কার বাস্তবায়ন এবং সিইসিসহ অপর দুই নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে ২৫ জুলাই থেকে অনুষ্ঠেয় পদযাত্রা কর্মসূচি বিকেল চারটায় শুরু হবে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ২৫ এপ্রিল টঙ্গি থেকে মহাখালি, ২৬ জুলাই কাঁচপুর থেকে যাত্রাবাড়ি, ২৯ জুলাই ঢাকার জিঞ্জিরা থেকে মুক্তাঙ্গন এবং ৩০ জুলাই আমিনবাজার থেকে রাসেল স্কোয়ার পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হবে।

এছাড়া ২৭ জুলাই দেশের প্রতিটি ইউনিয়ন থেকে সংশ্লিষ্ট থানা সদর দফতর এবং ২৮ জুলাই প্রতিটি জেলার প্রধান সড়কে পাঁচ কিলোমিটার জুড়ে পদযাত্রার আয়োজন করা হবে।

গত ১৪ জুলাই ১৪ দলের লিয়াজোঁ কমিটির সভা থেকে ৬ দিনের এই পদযাত্রা কর্মসূচি ঘোষণা করা হয়।