দুর্নীতি ও লটপাটের অর্থ দিয়ে ভোট চুরি, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে কিনবে জোট সরকার : শেখ হাসিনা
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আশঙ্কা ব্যক্ত করে বলেছেন, জোট সরকার দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে অর্জিত অর্থসম্পদ আগামী নির্বাচনে জনগণের ভোট চুরি এবং প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে কেনার কাজে ব্যবহার করবে।
সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় কর্মসূচির অংশ হিসেবে রোববার আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে গাইবান্ধা ও জয়পুরহাটের জেলা, থানা ও প্রথম শ্রেণীর পৌরসভার সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ আশংকা ব্যক্ত করেন।
র্যাবের কর্মকাণ্ডের কড়া সমালোচনা করে আওয়ামী লীগ সভানেত্রী ঘোষণা দেন : আল্লাহ দিন দিলে ক্রসফায়ারের নামে বিনা বিচারে প্রতিটি হত্যাকাণ্ডের জন্য হুকুমের আসামি হিসেবে খালেদা জিয়াকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।
শেখ হাসিনার অভিযোগ, আগামী নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের নেতা কর্মীদের জড়িয়ে মিথ্যা মামলা দিয়ে তাদের সন্ত্রাসী বানানো হচ্ছে। র্যাব দিয়ে এক হাজার সন্ত্রাসীর তালিকা তৈরি করা হয়েছে। ওই তালিকায় কাদের নাম রয়েছে, তা প্রকাশ করতে হবে।
তিনি বলেন, ২০০১ সালের নির্বাচনের আগেও একই ধরনের সন্ত্রাসী তালিকা তৈরি করা হয়েছিল। যাতে জিল্লুর রহমানের মতো নেতার নাম ঢুকিয়ে সেনাবাহিনীর কাছে দেওয়া হয়েছিল।
শনির আখড়ায় ডাকাতি করতে গিয়ে র্যাব সদস্যদের ধরা পড়ার ঘটনা উল্লেখ করে বিরোধী দলীয় নেতা বলেন, ক্ষমতার মসনদ আকড়ে রাখতে র্যাবকে দিয়ে অপরাধীর কাজ করানো হচ্ছে। সেনাবাহিনীর ভালো ভালো অফিসারদের র্যাবে এনে তাদের দিয়ে ক্রসফায়ার করানো হচ্ছে।
তিনি বলেন, বাংলাভাই ও শায়খ রহমানসহ জঙ্গি জেএমবি ও সন্ত্রাসীদের ক্রসফায়ারে না দিয়ে রিমান্ডের নামে জামাই আদর করা হচ্ছে। অথচ ছাত্রলীগের ছেলেদের ক্রসফায়ারের নামে হত্যা করা হচ্ছে। র্যাব দিয়ে ক্রসফায়ায়ের নামে মানুষ হত্যা বন্ধ করতে হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সন্ত্রাস দমনের কথা মুখে বললেও বিএনপি--জামাত জোট এর আগে আড়াইশ’ টুকরা লাশ উপহার দিয়েছিল। এখন ময়মনসিংহের ভালুকায় প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের ব্যবসায়িক পার্টনার মামুনের ফ্যাক্টরির সামনে ১৮ টুকরা লাশ পাওয়া গেছে। এই হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে তার জবাব প্রধানমন্ত্রীকে দিতে হবে।
বিরোধী দলীয় নেতা বলেন, জোট সরকার থোক বরাদ্দের নামে উন্নয়ন প্রকল্পের টাকা শেষ বেলায় শেষ লুটপাট করছে। কালো টাকা সাদা করায় বিএনপির লোকজন শীর্ষে রয়েছে। জোট সরকারের মন্ত্রী-এমপি ও নেতারা লুটপাটের মাধ্যমে অগাধ সম্পদের মালিক হয়েছে।
তিনি প্রতিটি এলাকার সন্ত্রাসী ও লুটপাটকারীদের তালিকা তৈরির জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
দেশবাসীর উদ্দেশে শেখ হাসিনা বলেন, এই টাকা জনগণের। এতে জনগণের হক আছে। লুট করা এই টাকা উদ্ধার করতে হবে। তাদের কাছ থেকে যত বেশি সম্ভব দুর্নীতির টাকা বের করে আনতে হবে। কিন্তু ভোটের সময় যেন চুরি করে তারা ক্ষমতায় আসতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।
শেখ হাসিনা বলেন, প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে রিজার্ভের বড়াই করেন। রিজার্ভই যদি থাকবে তাহলে ইসলামি ব্যাংক থেকে চড়া সুদে ঋণ নিয়ে তেল কিনতে হবে কেন? এই ঋণের টাকা জনগণ আর আগামী সরকারকেই শোধ করতে হবে।
তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশনকে দিয়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে না। তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থা সংস্কার করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
জোট সরকারকে ‘লুটেরা-সন্ত্রাসী’ আখ্যা দিয়ে শেখ হাসিনা বলেন, এদের হাত থেকে দেশকে বাঁচাতে এবং অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় দেশের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।
