নিরাপত্তা নিয়ে শংকিত ইনু, গানম্যান পাননি এখনো
গানম্যান না দেওয়ায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও ১৪ দলের অন্যতম নেতা হাসানুল হক ইনু নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সরকার ও বিরোধী দলের শীর্ষ স্থানীয় রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের নিরাপত্তার জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় গানম্যান দেওয়া হলেও অজ্ঞাত কারণে তাকে এখনো কোনো গানম্যান দেওয়া হয়নি। তবে ইনু নিজেও সরকারের কাছে এ জন্য কোনো আবেদন করেননি বলে জানা গেছে।
জাসদ (ইনু) সভাপতি বিডিনিউজকে জানান, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে নৃশংস গ্রেনেড হামলার পর সরকার বিভিন্ন শীর্ষ স্থানীয় রাজনৈতিক নেতা ও সাংবাদিকসহ বিশিষ্টজনদের জন্য গানম্যান নিয়োগ করে। কিন্তু এখনো তাকে তা দেওয়া হয়নি।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাকে কেনো গানম্যান দেওয়া হয়নি, তা আমার কাছে বোধগম্য নয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমার সঙ্গে এ ব্যাপারে এখনো কোনো যোগাযোগই করেনি।
এক প্রশ্নের জবাবে ইনু বলেন, দেশে যে হারে হত্যাকাণ্ড ও রাজনৈতিক নেতাদের ওপর গুপ্ত আক্রমণ চালানো হচ্ছে, তাতে সঙ্গত কারণেই আমি ব্যাক্তিগত নিরাপত্তা নিয়ে শংকিত।
