১৪ দল ২৫ -- ৩০ জুলাই ঢাকাসহ বিভিন্ন স্থানে পদযাত্রা করবে
আওয়ামী লীগসহ ১৪ দল সরকার বিরোধী চলমান আন্দোলনের অংশ হিসেবে আগামী ২৫ থেকে ৩০ জুলাই পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পদযাত্রা কর্মসূচি পালন করবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপি শুক্রবার রাতে অনুষ্ঠিত ১৪ দলের এক বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এই কর্মসূচি ঘোষণা দেন।
ন্যাম ভিলেজে আব্দুল জলিলের বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক এমপি।
এতে আওয়ামী লীগ, ১১ দল, জাসদ (ইনু) ও ন্যাপের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে: ২৫ জুলাই টঙ্গি থেকে মহাখালি, ২৬ জুলাই কাঁচপুর থেকে যাত্রাবাড়ি, ২৭ জুলাই দেশের প্রতিটি ইউনিয়ন থেকে সংশ্লিষ্ট থানা সদর দফতর, ২৮ জুলাই প্রতিটি জেলার প্রধান সড়কে, ২৯ জুলাই ঢাকার জিঞ্জিরা থেকে মুক্তাঙ্গন এবং ঢাকার ৩০ জুলাই আমিনবাজার থেকে রাসেল স্কোয়ার পর্যন্ত পদযাত্রার আয়োজন। ২৮ জুলাই প্রতি জেলার প্রধান সড়কে পাঁচ কিলোমিটার জুড়ে পদযাত্রা হবে বলে ব্রিফিং এ জানানো হয়।
তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থা সংস্কার, সিইসিসহ অপর দুই নির্বাচন কমিশনারের পদত্যাগ, নতুন নির্বাচন কমিশন গঠন করে ভোটার তালিকা প্রনয়ণ, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানসহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
