২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে পয়েন্ট অব অর্ডারে আলোচনায় ব্যর্থ হয়ে আওয়ামী লীগের ওয়াক আউট

প্রধান বিরোধী দল আওয়ামী লীগ বুধবার সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে অলোচনা করতে ব্যর্থ হয়ে ওয়াক আউট করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2006, 09:38 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

সংবিধানের ১৫তম সংশোধনী বিল সংসদে উত্থাপন না করা হলেও এ বিষয়ে পয়েন্ট অব অর্ডারে আলোচনা করতে  আওয়ামী লীগের সুরঞ্জিত সেন গুপ্ত ও মোহাম্মদ নাসিম বক্তব্য শুরু করলে স্পিকার মাইক বন্ধ করে দেন এবং পয়েন্ট অব অর্ডার স্থগিত করে বাতিল নোটিশ নিয়ে আলোচনা শুরু করেন। প্রতিবাদে আ’লীগের সদস্যরা সংসদ কক্ষ থেকে ওয়াক আউট করেন।

আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ বুধবার সংসদে মাগরিবের নামাজের বিরতির পর জিরো আওয়ারে দাঁড়িয়ে বিলটি উত্থাপন না করার কথা জানান।

স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের সভাপতিত্বে এ সময় অধিবেশনে আ’লীগের পক্ষ থেকে ফ্লোর নিয়ে বলা হয়, এ আইনটি সংবিধান হত্যার আইন, এ পক্ষে কোন জনমত নেই। তারা দাবি করেন, জনমতের কাছে নতি স্বীকার করে আইনমন্ত্রী বিলটি প্রত্যাহার করেছেন।

এ বিষয়ে পয়েন্ট অব অর্ডারে আরও বক্তব্য রাখতে চাইলে স্পিকার বাধা দেওয়ায় ওয়াক আউট করে পরে বিরোধী দলীয় উপনেতার কক্ষে সাংবাদিকদের সংক্ষিপ্ত ব্রিফিং দেন আ’লী সদস্যরা।

ব্রিফিংয়ে আ’লীগ সদস্যরা বলেন, বিরোধী দলের বিরোধিতার মূখে ভীতসন্ত্রস্ত হয়ে সরকার বিলটি উত্থাপনের জন্যে কার্যসূচিতে অন্তর্ভূক্ত করেও প্রত্যাহারে বাধ্য হয়েছে। এটি একটি গণবিরোধী বিল। এতে জনগনের ভোটাধিকার হরণের ষড়যন্ত্র করা হয়েছে।

তারা স্পিকারের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে বলেন, স্পিকার আমাদের এ বিলের ব্যাপারে আলোচনা করতে দেয়নি। তাই তার প্রতি অনাস্থা জানিয়ে আমরা সংসদ অধিবেশন থেকে ওয়াক আউট করেছি।