২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি কর্মচারি-আন্দোলন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারিদের সিদ্ধান্ত, ১৪ জুলাইয়ের মধ্যে দাবি মেনে না নিলে সর্বাত্মক আন্দোলন

সচিবালয়সহ বিভিন্ন সরকারি অফিসে কর্মরত প্রায় ১০ লাখ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারি তাদের পাঁচ দফা দাবি আদায়ে বেশ আঁটঘাট বেঁধেই সর্বাত্মক আন্দোলনে নামছে। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ১৪ জুলাইয়ের মধ্যে সরকার তাদের দাবি মেনে না নিলে ১৫ জুলাই সব সরকারি অফিস অচল করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2006, 04:40 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

সূত্র জানায়, ১৫ জুলাই অফিসের কাজ বন্ধ রেখে তারা সচিবালয়সহ বিভিন্ন জেলা ও উপজেলায় সরকারি অফিসের সামনে অবস্থান ধর্মঘট পালন করবেন।

প্রসঙ্গত, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারিদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ তাদের ওই পাঁচ দফা দাবি নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলনে রয়েছে। এসব দাবির মধ্যে রয়েছে, সচিবালয় ও জেলা প্রশাসকসহ বিভিন্ন সরকারি অফিসে কর্মরত প্রায় ৬০ হাজার কার্যভিত্তিক (ওয়ার্কচার্জড) কর্মচারির চাকরি স্থায়ীকরণ, উন্নয়ন খাতের কর্মচারিদের রাজস্ব খাতে স্থানান্তর ও ৩০ শতাংশ মহার্ঘ্য ভাতা প্রদান।

আন্দোলনের অংশ হিসেবে গত ২৪ মে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ শেষে ২০ জুন সচিবালয়ের সামনে অবস্থান ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করা হয়। পরে এসব দাবি-দাওয়া নিয়ে পরিষদ নেতারা প্রধানমন্ত্রীসহ সরকারের দায়িত্বশীল মন্ত্রীদের সাথে দেখা করেন।

সূত্র জানায়, এ সময় সরকারের পক্ষ থেকে এসব দাবি বিবেচনা করার জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আমানউল্লাহ আমানকে দায়িত্ব দেওয়া হয়।

সরকারের আশ্বাসের প্রেক্ষিতে পরিষদ তাদের কর্মসূচির সময় পরিবর্তন করে ১৫ জুলাই পর্যন্ত সরকারকে সময় দেয়।

কিন্তু দুই মন্ত্রী ও প্রধানমন্ত্রীর দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গত ৪ জুলাই এক বৈঠকে এসব দাবি পর্যালোচনা করে যৌক্তিকতা মেনে নিলেও কোন সিদ্ধান্ত দিতে ব্যর্থ হন।

এরই পরিপ্রেক্ষিতে ১৪ জুলাইয়ের মধ্যে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত না পেলে কর্মচারিরা আন্দোলনে নামবে বলে সূত্র জানিয়েছে।

এ ব্যাপারে পরিষদের সভাপতি আব্দুল মান্নানের সাথে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজকে জানান, ’৯৭ সালে নিকারের সভায় ৪০ হাজার কার্যভিত্তিক কর্মচারিকে স্থায়ীকরণের সিদ্ধান্ত নেওয়া হয়। যা পর্যায়ক্রমে বাস্তবায়িত হয়। এরপরও প্রশাসনে প্রায় ৬০ হাজার কার্যভিত্তিক কর্মচারি কাজ করছে। এদের ব্যাপারে দীর্ঘদিনেও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফলে দীর্ঘদিন চাকরি করেও এসব কর্মচারিকে কোনো অবসর সুবিধা ছাড়াই বিদায় নিতে হবে।

তিনি বলেন, প্রশাসনের কিছু কিছু ব্যক্তি মাত্র কয়েক বছরের মাথায় সহকারি সচিব থেকে সচিব পর্যন্ত পদোন্নতি পেয়েছে। কিন্তু ১১ বার সার্কুলার জারির পরও এসব কর্মচারির চাকরি স্থায়ী করা হয়নি। এটা তাদের প্রাণের দাবি। তাই দাবি আদায়ে পরিষদ প্রয়োজনে প্রশাসনকে অচল করে দেওয়ার মতো সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।