সংসদে আওয়ামী লীগে মঙ্গলবার দু’দফা ওয়াক আউট
সংবিধান সংশোধনে সরকারের উদ্যোগ নিয়ে সংসদে আলোচনা করতে না দেওয়ার প্রতিবাদে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ মঙ্গলবার সংসদ থেকে দুদফা ওয়াক আউট করেছে।
পরে বিরোধী দলের এক ব্রিফিংয়ে বলা হয়, সরকারের শেষ সময়ে কোন সিদ্ধান্তমূলক সাংবিধানিক সংশোধন করতে পারেনা। এ জন্যে জাতীয় ঐক্যমত ও বিতর্ক প্রয়োজন।
বিকালে প্রশ্নোত্তর পর্ব শেষে স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার পয়েন্ট অব অর্ডারে আ’লীগের শেখ ফজলুল করিম সেলিম ও মোহাম্মদ নাসিম এবং বিএনপি’র মশিউর রহমান ও আলী নেওয়াজ খৈয়ামকে ফ্লোর দেন। স্পিকার সকল সদস্যকে দু’মিনিট সময় দেন এবং বক্তব্য শেষ হওয়ার আগেই মাইক বন্ধ করে দেন।
শেখ ফজলুল করিম সেলিম একটি পত্রিকায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি লতিফুর রহমানের সাক্ষাতকার উদ্বৃতি দিয়ে বলেন, এতে লতিফুর রহমান এ মাসেই বাসা ছাড়ার কথা স্বীকার করেছেন। তাই আইনমন্ত্রীর সংসদে দেওয়া এ সংক্রান্ত অসত্য ও বিভ্রান্তিমূলক ও বক্তব্যের জন্যে তাকে ক্ষমা চাইতে হবে।
মোহাম্মদ নাসিম বিরোধী দলীয় নেতার রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের কর্মসূচি বাতিলের ব্যাখ্যা দেন।
তিনি সংসদের পঞ্চদশ সংশোধনীর উদ্যোগের বিষয়ে বলেন, সরকার রাজনৈতিক উদ্যোগে সংবিধান সংশোধন করতে চায়। বিরোধী দলের পক্ষ থেকে জনগণের দাবি অনুযায়ী তত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশনের সংস্কারের দাবিতে সংবিধান সংশোধনের সংস্কারের দাবি মানতে চায় না অথচ জনগণের স্বার্থের পরিপন্থী হলেও ব্যক্তি ও জোটের স্বার্থে তারা সংবিধান সংশোধন করতে চায়। এসময় স্পিকার তার মাইক বন্ধ করে দিলে বিরোধী দলের সদস্যরা ওয়াক আউট করেন।
মাগরিবের নামাজের বিরতির পর এ বিষয়ে দলের পক্ষ থেকে আবারো আলোচনার জন্য ফ্লোর চাইলে স্পিকার তা নাকচ করে দেন এবং আইন প্রণয়নের কাজ শুরু করেন।
এতে বিরোধী দলের সদস্যরা সংসদে হইচই ও চিৎকার করলেও স্পিকার তার কাজ চালিয়ে যান। পরে বিরোধী দলের সদস্যরা আবারো ওয়াক আউট করেন।
এরপর বিরোধী দলীয় উপনেতার সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সরকার কোনও আলোচনা ছাড়াই জোট ও ব্যক্তি স্বার্থে একটি জনস্বার্থ বিরোধী বিল এনে সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়েছে। তিনি এ বিলকে বৈষম্যমূলক বলে উল্লেখ করে বলেন, এক দেশে দুই আইন থাকতে পারেনা।
তিনি সরকারের এ উদ্যোগকে ষড়যন্ত্রমূলক বলেও আখ্যায়িত করে বলেন, এতে দেশে সাংবিধানিক সংকটের সৃষ্টি হবে।
আওয়ামী লীগ নেতারা বলেন, এ ধরনের সংশোধনী বা আইন কোনওভাবে গ্রহণযোগ্য হতে পারেনা।
