জলিলকে মান্নান ভূঁইয়ার সাথে আলোচনার আহ্বান জানিয়েছে ব্যবসায়ীরা
সংস্কার প্রস্তাব নিয়ে প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যকার অচলাবস্থা নিরসনে মান্নান ভূঁইয়ার সাথে আলোচনার বসতে জলিলকে আহ্বান জানিয়েছে ব্যবসায়ী সম্প্রদায়। দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা সোমবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিলের সাথে এক বৈঠককালে এ আহ্বান জানান।
আব্দুল জলিল এ ব্যাপারে ব্যবসায়ী নেতাদের কোনও প্রতিশ্র“তি দেননি। তবে তিনি তাদের উদ্বেগের বিষয়টি নিয়ে দলীয় ও ১৪ দলের ফোরাম এবং বিরোধী দলীয় নেত্রীর সাথে আলোচনা করবেন বলে জানিয়েছেন।
আব্দুল জলিল তার মার্কেন্টাইল ব্যাংকের মতিঝিল কার্যালয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের বলেন, বিরোধী দলীয় নেতা, দলীয় ফোরাম এবং ১৪ দলের সাথে এ ব্যাপারে আলোচনা করব বলে আমি তাদের জানিয়েছি। সিদ্ধান্ত কী হয়-- পরে আমি তাদের তা জানাতে পারব।
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) সভাপতি নাসির হোসেন আব্দুল জলিলের সাথে বৈঠককালে ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
বিডিনিউজ--এর সাথে আলাপকালে তিনি বলেন, আপোসমূলক কোনও মনোভাব না দেখিয়ে দু দলই নিজেদের অবস্থানে অনড় থাকতে চাচ্ছে।
তিনি আরও জানান, বিএনপির মহাসচিব মান্নান ভূঁইয়াকেও তারা এ ব্যাপারে ফোন করেছিলেন। মান্নান ভূঁইয়ার সাথে মঙ্গলবার তারা বৈঠকে বসতে পারেন বলে জানিয়েছেন।
বৈঠকে অন্যান্যের মধ্যে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুর রহমান, ঢাকা চেম্বারের সভাপতি এমএ মোমেন, বিজিএমইএ সভাপতি টিপু মুন্সী, বিটিএমইএ সভাপতি এমএ আউয়াল, বিকেএমইএ সভাপতি ফজলুল হক এবং বিসিআই সভাপতি একে আজাদ উপস্থিত ছিলেন।
