২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দৌলতপুর বিএনপিতে নয়া মেরুকরণ কুষ্টিয়া-১ আসনটি হাতছাড়া হওয়ার আশংকা

কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে বিএনপির রাজনীতিতে নয়া মেরুকরণ শুরু হয়েছে। মনোনয়ন প্রত্যাশী নেতারা নতুন নতুন কৌশল অবলম্বন করে মনোনয়ন যুদ্ধে নেমেছেন। তারা এরই মধ্যে দলীয় কর্মিদের নিয়ে বৈঠক করেছেন। সিদ্ধান্ত নিয়েছেন সবাই যার যার মতো বিএনপির জন্য কাজ করবেন এবং মনোনয়ন যিনি পাবেন তার জন্যই লড়বেন সবাই। এ বৈঠকের পর সেখানকার রাজনৈতিক হিসাবনিকাশ একেবারেই বদলে গেছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2006, 04:35 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

ভোটাররা বলছেন, বৈঠকের পর পরই ধানের শীষের টিকেট প্রত্যাশীর তালিকা থেকে দু’জন ক্ষমতাধর ব্যক্তির নাম কাটা পড়ে গেছে। ফলে বিএনপির ঘাঁটি হিসেবে বিবেচিত এ আসনটি অভ্যন্তরীন কোন্দলের কারণে তা হারানোর উপক্রম হয়েছে।

দৌলতপুর উপজেলার ১৪টি ইউনিয়ন নিয়ে কুষ্টিয়া-১ আসন। ভোটার ২ লাখ ৬৮ হাজার ১০৪ জন। স্বাধীনতার আগে ১৯৬৯-এর নির্বাচনে জেলা আওয়ামী লীগ সভাপতি মরহুম এডভোকেট আজিজুর রহমান আক্কাস এ আসন থেকে নির্বাচিত হন। ১৯৭৩ এ সাধারণ নির্বাচনেও তিনি ব্যাপক ভোটে জয়ী হন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে আসনটি বিএনপির দখলে আসে। এ আসনের সাংসদ শাহ্ আজিজুর রহমান প্রধানমন্ত্রীও হন। ’৮২ সালে সামরিক শাসনামলে আসনটি চলে যায় জাতীয় পার্টির দখলে। তখন নির্বাচিত সাংসদ কোরবান আলী খাদ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। ১৯৯১, ১৯৯৬ এবং ২০০১ সালের নির্বাচনে বিএনপি প্রার্থী আহসানুল হক পচা মোল্লা পরপর তিনবার নির্বাচিত হন।

২০০৪ সালের কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে উপ-নির্বাচনে জয়লাভ করেন প্রতিমন্ত্রীর ছেলে রেজা আহমেদ বাচচু মোল্লা। আহসানুল হক পচা মোল্লার আকস্মিক মৃত্যুতে আসনটি শূণ্য হয়। ওই উপ-নির্বাচনের আগেই মনোনয়ন নিয়ে বিএনপির মধ্যে চরম বিভেদের সৃষ্টি হয়। ত্যাগী রাজনীতিবিদ উপজেলা বিএনপির দীর্ঘদিনের সভাপতি আলতাফ হোসেন, বিশিষ্ট কলাম লেখক কামাল হোসেন ওরফে মুসা কামাল, শিল্পপতি নাসির বিশ্বাসসহ ডজনখানেক প্রার্থী জোটের মনোনয়ন দাবি করলেও শেষ পর্যন্ত মনোনয়ন দেয়া হয় বাচচু মোল্লাকেই।

এরপর থেকেই আগামী নির্বাচনকে টার্গেট করে এরা সবাই মাঠ দখলে মরিয়া হয়ে উঠে।

অসুস্থ শিল্পপতি নাসির বিশ্বাসের আর্থিক সহযোগিতায় তার পক্ষে মাঠে নামানো হয় আলতাফ হোসেনকে। অন্যদিকে নানা উন্নয়ন কর্মসূচি নিয়ে মাঠে আরো সক্রিয় হন কলাম লেখক মুসা কামাল। যুবক ছেলেদের নিয়ে তিনি দৌলতপুরের গ্রামে গ্রামে শীতবস্ত্র ও ত্রাণ বিতরণ, দুস্থদের সহযোগিতাসহ স্কুল কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির এবং খেলাধূলায় অর্থায়ন করে জনপ্রিয় হয়ে উঠেন।

এ অবস্থায় গত বছরের শেষের দিকে তিন নেতা নাসির বিশ্বাস, মুসা কামাল ও আলতাফ হোসেনের মধ্যে এক বৈঠক হয়। বাচচু মোল্লাকে হটানোর লক্ষ্যে তারা একসাথে কাজ করার সিদ্ধান্ত নেন। এরপর থেকে অনেক সভায় দুজনকে একই মঞ্চে দেখা গেছে। ব্যবসায়িক ব্যস্ততা ও শারীরিক অসুস্থতার কারণে নাসির বিশ্বাসকে কখনোই মাঠে দেখা যায়নি।

এদিকে মুসা কামাল ভেতরে ভেতরে তার একটা স্বতন্ত্র অবস্থান তৈরি করে নেন। আলতাফ হোসেনের মতো পুরাতন ত্যাগী নেতাকে সাথে পেয়ে গত পাঁচ মাসে মুসা কামাল দৌলতপুরের রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেন। জানা গেছে, গত ২৭ জুন মুসা কামালের নিজ গ্রাম খলিসাকুন্ডিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান অনির্ধারিত পথসভায় বক্তব্য রাখার পর তার সমর্থকরা আরো চাঙ্গা হয়ে উঠেছে।

তার সমর্থকরা বলছেন, উপজেলা সদর বা বাচচু মোল্লার পছন্দের এলাকা বাদ দিয়ে তারেক রহমানের এই পথসভায় বক্তব্য রাখায় প্রমাণ হলো রাজনৈতিকভাবে মুসা কামাল তাঁর নেকনজরে রয়েছেন। ফলে এ ঘটনায় দৌলতপুরে তার অবস্থান আরো সুসংহত হয়। 

অন্যদিকে শ্রমিক অসন্তোষের পর দৌলতপুরে নাসির বিশ্বাসের শিল্পকারখানা বন্ধ হয়ে যায় গত বছর জুন মাসে। সাত দিন বন্ধ থাকায় বিপুল অথনৈতিক ক্ষতির মুখে পড়েন তিনি। এসময় কথা ওঠে তার বিপুল অংকের ট্যাক্স ফাঁকি নিয়েও। এ অবস্থা কাটিয়ে উঠতে এমপি বাচচু মোল্লার সাথে সমাঝোতার সিদ্ধান্ত নেন তিনি। ঢাকার গুলশানে একটি হোটেলে অন্য নেতা-কর্মিদের উপস্থিতিতে নাসির বিশ্বাস ও সাংসদ বাচচু মোল্লার বৈঠক হয়। সেখানকার সিদ্ধান্ত অনুযায়ী গত ২৪ জুন দৌলতপুরে নাসির বিশ্বাসের বিড়ি কারখানায় উপজেলা বিএনপির উদ্যোগে চারপক্ষীয় সমঝোতা বৈঠক ডাকা হয়।

বৈঠক সূত্র বলছে, অসুস্থ নাসির বিশ্বাস ‘জলে বাস করে কুমিরের সাথে লড়াই’ না  করার নীতি গ্রহণ করেছেন। কোটি কোটি টাকা মূল্যের শিল্প-কলকারখানা বাঁচাতে এ মুহুর্তে সাংসদ বাচচু মোল্লার সাথে আর কোন ঝামেলায় জড়াতে চাচেছন না তিনি। ফলে মনোনয়ন যুদ্ধ থেকে তিনি স্বভাবতই ছিটকে পড়েন এবং দীর্ঘদিনের বিশ্বস্ত সহযোগী আলতাফ হোসেনর তার সঙ্গী হন। এর ফলে মাঠের লড়াইয়ে এই মুহুর্তে আছেন এমপি বাচচু মোল্লা ও তরুণ রাজনীতিক মুসা কামাল।

অভিজ্ঞমহল ও সাধারণ বিএনপি সমর্থকরা বলছেন, আবারও মনোনয়ন পেতে মরিয়া বাচচু মোল্লার ক্ষমতা, শক্তিশালী প্রার্থী মুসা কামালের তৃনমূল পর্যায়ে জনপ্রিয়তা এবং নাসির বিশ্বাসের অঢেল টাকার সমন্বয় ঘটাতে না পারলে শেষ পর্যন্ত এ আসনটি এবার বিএনপির হাতছাড়া হওয়ার বিরাট সম্ভাবনা রয়েছে। 

তবে পর্যবেক্ষক এবং নাসির বিশ্বাসের ঘনিন্ঠ সূত্রগুলো বলছে, এ যাত্রা সাংসদের সাথে তার সমঝোতা হলেও তা কতদিন টিকবে তা নিয়েও ব্যাপক সংশয় রয়ে গেছে। তাদের পরামর্শ, বাচচু মোল্লাকে কোন ছাড় না দিয়ে বা তার সঙ্গে সমঝোতা না করে দৌলতপুরের সাধারণ মানুষ এবং কোটি কোটি টাকা মূল্যের তার শিল্প-কলকারখানা বাঁচানোর স্বার্থে নাসির বিশ্বাসের এবারই সরাসরি মাঠে নামা উচিৎ।

এ ব্যাপারে সাংসদ বাচ্চু মোল্লার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, শেষপর্যন্ত মনোনয়ন যেই পান না কেন, তারা একসঙ্গেই কাজ করবেন। মুসা কামাল বলেছেন, তিনি সুস্থ ধারার রাজনীতিতে বিশ্বাসী। মনোনয়ন নিয়ে কোনরকম নোংরামি হবে না বলেই তার বিশ্বাস। নাসির বিশ্বাস অসুস্থ থাকায় কথা বলতে রাজী হননি।