ভোটাধিকার নিয়ে চক্রান্ত বরদাশত করা হবেনা, ইসি’র অপতৎপরতা প্রতিহত করা হবে: ১৪ দল
আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ রোববার সরকারকে আবারও হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, তত্ত্বাধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থা সংস্কার এবং জনগণের ভোটাধিকার নিয়ে কোনো চক্রান্ত ও দমন পীড়ন বরদাশত করা হবে না।
তারা বলেন, বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) অধীনে কোনো ভোটার তালিকা এবং নির্বাচন বাংলার মাটিতে হতে দেওয়া হবে না। ইসির সকল অপতৎপরতা প্রতিহত করা হবে।
সংস্কার প্রস্তাব বাস্তবায়ন এবং আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা মিলন হত্যার প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রোববার ঢাকায় কেন্দ্রীয়ভাবে মুক্তাঙ্গনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে তারা এসব কথা বলেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপি বলেন, সংস্কার দাবি আদায়ের জন্য আগামী দুই এক দিনের মধ্যেই কঠোর ও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
জনগণের ভোটের অধিকার রক্ষা এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বিাচন নিশ্চিত করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অপর দুই নির্বাচন কমিশনারের অবিলম্বে পদত্যাগের দাবি জানান তিনি।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন আব্দুর রাজ্জাক এমপি, মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদের, মুকুল বোস, মইনউদ্দিন খান বাদল, সৈয়দ জাফর সাজ্জাদ, দিলীপ বড়–য়া, মফিজুল ইসলাম খান কামাল, জাকির হোসেন, অ্যাডভোকেট সাহারা খাতুন, হাজী মোহাম্মদ সেলিম ও কামরুল আহসান।
