রাষ্ট্রপতি, ইসি ও ভোটার তালিকা নিয়ে সরকার খেলছে, ভোট চুরি প্রতিরোধ করুন: শেখ হাসিনা
সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি - জামাত জোট দুঃশাসনে অতীষ্ঠ জনগণ আর ভোট দেবে না বলে ক্ষমতাসীনরা ভোট চুরির সকল প্রক্রিয়া সম্পন্ন করেছে।
রাষ্ট্রপতি, নির্বাচন কমিশন (ইসি) ও ভোটার তালিকা নিয়ে তারা খেলছে। ভোট চুরি প্রতিরোধ এবং প্রত্যেকের ভোট রক্ষার জন্য সর্বস্তরের মানুষের প্রতি তিনি আহ্বান জান।
দলের তৃণমূল নেতাদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার রাজশাহী বিভাগের দিনাজপুরের জেলা, থানা ও প্রথম শ্রেণীর পৌরসভার সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে তৃণমূল নেতারা তাদের সংশ্লিষ্ট এলাকার সাংগঠনিক, রাজনৈতিক ও আইন শৃংখলা পরিস্থিতি এবং আগামী নির্বাচনে দলের সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে বিস্তারিত চিত্র দলীয় প্রধানের কাছে তুলে ধরেন।
শেখ হাসিনা সরকার বিরোধী চলমান আন্দোলন এগিয়ে নেওয়ার পাশাপাশি আগামী নির্বাচনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করতে তৃণমূল নেতাদের পরামর্শ দেন। একই সঙ্গে তিনি ঐক্যবদ্ধ হয়ে দলের মনোনীত প্রার্থীর পক্ষে সবাইকে একযোগে কাজ করার নির্দেশ দেন।
তৃণমূল নেতাদের হুঁশিয়ার করে দিয়ে আওয়ামী লীগ প্রধান বলেন, সকলকে দলীয় সিদ্ধান্ত মেনে শৃংখলা বজায় রাখতে হবে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হলে তাকে প্রতিহত করতে সংশ্লিষ্ট এলাকার নেতাদের তিনি পরামর্শ দেন।
তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার বাস্তবায়ন হলে ক্ষমতাসীনরা শতভাগ ভোট চুরি করতে পারবে না। তাই ক্ষমতা কুক্ষিগত রাখতে ভোট চুরির সকল অপকৌশল গ্রহণ করছে তারা। তাদের ওই অপকৌশল প্রতিহত করে সংস্কারের দাবিতে আন্দোলন এগিয়ে নিতে হবে।
শেখ হাসিনা বলেন, আর কেউ যেন ভোট চুরি করতে না পারে, সেজন্য সকলকে সচেতন করতে হবে। ভোট চুরির প্রক্রিয়া প্রতিহত করতে সকলকে প্রস্তুত থাকতে হবে।
তিনি বলেন, বিএনপি - জামাত জোট গত সাড়ে চার বছরে জনগণের যে অর্থ সম্পদ লুট করেছে, তা আগামী নির্বাচনে ব্যয় করবে। তারা জোর করে মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চায় ।
জনগণের ভোট চুরি প্রতিরোধে তিনি সকলকে বাঁশের লাঠি নিয়ে প্রস্তুত থাকার আহ্বান জানান।
