প্রতিশ্র“তি অনুযায়ী আলোচনার দাবিতে স্পিকারের সাথে বিরোধী সদস্যদের সাক্ষাত
স্পিকার ও সরকারি দলের প্রতিশ্র“তি অনুযায়ী বিরোধী দলের পক্ষ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে সংসদের বৈঠক মুলতবি রেখে আলোচনার জন্য বিরোধী দলের সদস্যরা বৃহস্পতিবার ভারপ্রাপ্ত স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর সাথে সাক্ষাত করেছেন।
সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের সাথে সাক্ষাতকালে বিরোধী দলের পক্ষ থেকে উপস্থাপিত ১২ টি ইস্যুতে আলোচনার দাবী জানানো হলে স্পিকার সুনির্দিষ্ট পাঁচটি বিষয়ে আলোচনার উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। তবে এর আগে এ বিষয়ে সরকারি দলের সদস্যদের সাথে আলোচনা করে ভারপ্রাপ্ত স্পিকার তার সিদ্ধান্ত জানাবেন বলে বিরোধী দলের সদস্যদের বলেন।
বিরোধী দলের প্রতিনিধি দলে ছিলেন, আওয়ামী লীগের মোহাম্মদ নাসিম, ড. আব্দুর রাজ্জাক, রাজিউদ্দিন আহম্মেদ রাজু, সৈয়দ আশরাফুল ইসলাম, শাহজাহান খান এবং আখম জাহাঙ্গীর হোসাইন।
পরে বিরোধী দলীয় উপনেতার কক্ষে আয়োজিত সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে মোহাম্মদ নাসিম বলেন, স্পিকারকে বিরোধী দলীয় সদস্যদের পক্ষে সুনির্দিষ্ট পাঁচটি বিষয়ে আলোচনার জন্য অনুরোধ জানানো হয়েছে।
উপস্থাপিত বিষয়গুলো নিয়ে আলোচনা হলে সরকার অন্ততপক্ষে জবাবদিহিতা করতে বাধ্য হবে বলেও তিনি এসময় মত প্রকাশ করেন।
