২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিইসির সাথে দেখা করেছেন নবনিযুক্ত সচিব: ঘরে ঘরে গিয়ে ভোটার তালিকা হাল নাগাদ করতে মত ব্যক্ত

ঘরে ঘরে গিয়ে ভোটার তালিকা হাল নাগাদ করার ব্যাপারে নবনিযুক্ত নির্বাচন কমিশন সচিব আব্দুর রশীদ সরকার বৃহস্পতিবার মত ব্যক্ত করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2006, 09:11 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজ এবং নির্বাচন কমিশনার সম জাকারিয়ার সাথে শুভেচ্ছা বিনিময়ের পর তিনি বলেন, এ ব্যাপারে কমিশন ও প্রধান নির্বাচন কমিশনার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

অপর কমিশনার বিচারপতি মাহফুজুর রহমান অসুস্থতার কারণে অফিসে আসেননি।

ভোটার তালিকা হাল নাগাদ করার ব্যাপারে তার মতামত জানতে চাওয়া হলে তিনি বলেন, জনগণকে সম্পৃক্ত করার মাধ্যমে এটা সফল করা যায়।

সরকার বলেন, অফিসে বসে এবং ঘরে ঘরে গিয়ে--উভয়ভাবেই ভোটার তালিকা হালনাগাদ করা যায়। তবে এক্ষেত্রে মূল ব্যাপার হল- জনগণের সম্পৃক্ততা।

তিনি আরো বলেন, জনগণের সম্পৃক্ততা না থাকলে এটা সম্ভব নয়।

তিনি আরো বলেন, ভোটার তালিকা হাল নাগাদ করার ব্যাপারে তিনি পরামর্শ দিতে পারেন। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সঠিক কর্তৃপক্ষ হল নির্বাচন কমিশন ও প্রধান নির্বাচন কমিশনার।

প্রধান নির্বাচন কমিশনারের সাথে ৪০ মিনিটের বৈঠকের পর এক প্রশ্নের জবাবে সরকার বলেন, এটা ছিল শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ।

নতুন সচিব রোববার নির্বাচন কমিশন সচিবালয়ে যোগ দিতে পারেন।