বিএনপি সচল আর আওয়ামী লীগ অচল রাজনীতিতে বিশ্বাসী : তারেক রহমান
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান বলেছেন, বিএনপি সচল রাজনীতিতে আর আওয়ামী লীগ অচল রাজনীতিতে বিশ্বাসী। জনগণ কখনও অচল রাজনীতিকে সমর্থন করে না। আগামী নির্বাচনে তা আবার প্রমাণ হবে।
বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পাইলট হাইস্কুল এন্ড কলেজ মাঠে বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তারেক রহমান আরও বলেন, আওয়ামী লীগ ওয়াদা ভঙ্গকারী দল। তারা মানুষকে ওয়াদা দিয়ে বার বার ভঙ্গ করে। তারা মোনাফেক। ক্ষমতায় থাকাকালে তাদের নেত্রী বলেছিলেন, বিরোধী দলে গেলে তারা আর হরতাল করবে না। কিন্তু এখন তারা ঠিকই হরতাল করছে।
তিনি বলেন, শেখ হাসিনা ভারতে যাওয়ার পর সেদেশের সরকার বাংলাদেশে তিন মাসের জন্য চাল, ডাল ও চিনি রপ্তানি বন্ধ করে দিয়েছে।
জনসভায় আরও বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ এমএ মতিন, নারী সাংসদ রাশেদা বেগম হীরা, উপজেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান খান বাচ্চু, সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন মোল্লা প্রমুখ।
