২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিএনপিকে আবারো নির্বাচিত করতে হবে: তারেক রহমান

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে বিএনপিকে আবারো নির্বাচিত করতে হবে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2006, 05:35 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

চাঁদপুর জেলায় তিন দিনের সাংগঠনিক কর্মসূচির দ্বিতীয় দিনে বুধবার মতলব দক্ষিণ ও মতলব উত্তর উপজেলার বিভিন্ন স্থানে পথসভা এবং জনসভায় তিনি একথা বলেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ নুরুল হুদা ও জি এম ফজলুল হক।

তারেক রহমান বিরোধী দলের সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ ওয়াদা ভঙ্গকারী দল। তারা কথা দিয়ে কথা রাখে না। দেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে। বিভিন্ন দেশে গিয়ে বাংলাদেশে দ্রব্য প্রেরণ বন্ধ করতে বলছে।

তারেক রহমান বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে জেলায় জেলায় গডফাদার সৃষ্টি করেছে আর বিএনপি সন্ত্রাস দমনে সফলতা দেখিয়েছে।

তিনি বলেন, একমাত্র বিএনপি সরকার যে কথা বলে সেই কথা রাখার চেষ্টা করে। বিএনপি দেশকে সচল রাখার আর আওয়ামী লীগ দেশকে অচল করার রাজনীতি করে।

সন্ত্রাস দমনে সরকারের সফলতা উল্লেখ করে তিনি বলেন, বিগত সংসদ নির্বাচনের আগে বিএনপি দেশ থেকে সন্ত্রাস দূর করার প্রতিশ্র“তি দিয়েছিল। প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কঠোর ভূমিকার কারণে দেশে শান্তি ফিরে এসেছে।

তিনি বলেন, সন্ত্রাস মোটামুটি বন্ধ হয়েছে। তবে এখনো কিছু সন্ত্রাসী রয়ে গেছে। আগামীতে আমরা ক্ষমতায় আসতে পারলে আমরা তাদেরকেও ধরে ফেলবো।