আব্দুর রশীদ সরকার নির্বাচন কমিশন সচিবালয়ের নতুন সচিব
সরকার মঙ্গলবার খাদ্য সচিব আব্দুর রশীদ সরকারকে নির্বাচন কমিশন সচিবালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ দিয়েছে।
আসন্ন জাতীয় নির্বাচনের ভোটার তালিকা প্রণয়ন নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকাকে কেন্দ্র করে দেশজুড়ে তীব্র বিতর্কের পর এ নিয়োগ দেওয়া হল।
এ বছরের ১৬ জানুয়ারি সাবেক সচিব সম জাকারিয়ার চুক্তিভিত্তিক নিয়োগ শেষ হওয়ার পর নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোহাম্মদ জকরিয়া ভারপ্রাপ্ত সচিব হিসেবে কাজ করছিলেন। পরে সম জাকারিয়াকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়।
আব্দুর রশীদ সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজকে বলেন, তিনি এখনো সরকারি আদেশ হাতে পাননি। তবে মৌখিকভাবে জেনেছেন।
কমিশন সচিবালয়ে যোগ দেওয়ার ব্যাপারে তিনি বলেন, এটি আমার মন্ত্রী (খাদ্য মন্ত্রী), প্রধানমন্ত্রী এবং নির্বাচন কমিশনের সাথে আলোচনার ভিত্তিতে হবে।
এদিকে নির্বাচন কমিশনের একটি সূত্র মঙ্গলবার ইঙ্গিত দেয়, নতুন নিয়োগপ্রাপ্ত সচিবকে কমিশন না--ও গ্রহণ করতে পারে। নির্বাচন কমিশন সচিব হিসেবে জকরিয়াকেই চায়।
অপর একটি সূত্র জানায়, জকরিয়ার একজন পূর্ণ সচিব হিসেবে নিয়োগ পাওয়ার স্বপ্নকে এ নিয়োগ ধুলিস্যাৎ করে দিল।
অপর দিকে নতুন সচিব নিয়োগের খবর ইসি সচিবালয়ে পৌঁছানোর পর সেখানে খানিকটা অসন্তোষ লক্ষ্য করা গেছে।
ভারপ্রাপ্ত সচিব জকরিয়া দুপুরের পর অফিসে আসলেও খুব শিগগিরই আবার অফিস থেকে বেরিয়ে যান। প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুল আজিজও নির্ধারিত সময়ের আগেই অফিস ত্যাগ করেন।
এর আগে গত ফেব্র“য়ারিতে সরকার তখনকার স্বাস্থ্য সচিব মনিরুজ্জামানকে ইসি সচিব হিসেবে নিয়োগ দিয়েছিল। কিন্তু তিনি তখন ওই পদে যোগ দেননি।
