২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মির্জা আব্বাসের বক্তব্য নিয়ে সংসদ উত্তপ্ত

কার্যপ্রণালী বিধির ২৭৪ ধারায় সংসদে গণপূর্তমন্ত্রী মির্জা আব্বাসের বক্তব্য নিয়ে সোমবার সংসদের বৈঠক উত্তপ্ততার সৃষ্টি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2006, 09:38 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

মাগরিবের নামাজের বিরতির পর ভারপ্রাপ্ত স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলেও পয়েন্ট অব অর্ডারে অনির্ধারিত বিতর্ক শুরু হয়।

শুধমাত্র আওয়ামী লীগের আখম জাহাঙ্গীর হোসেন স্বাভাবিক বক্তব্যের পর মির্জা আব্বাস ব্যক্তিগত কৈফিয়তের নামে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অসংসদীয় উক্তি করলে বিরোধী দলীয় সদস্যরা হইচই শুরু করেন। এর এক পর্যায়ে সরকারি দলের সদস্যরাও পাল্টা চিৎকার শুরু করেন।

পরে বিরোধী দলীয় উপনেতা অ্যাডভোকেট আব্দুল হামিদসহ কয়েকজন মন্ত্রী ও সাংসদ বিতর্কে অংশ নেন এবং সংসদের পরিবেশ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনেন।

মির্জা আব্বাস বলেন, “ব্যবসায়ী বুলুর বিরুদ্ধে আমি কোন মামলা করিনি, বরং বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাই এ নাটক মঞ্চস্থ করিয়েছেন।”

তিনি আরও বলেন, “বিরোধী দলীয় নেত্রীর রাজনৈতিক সচিবকে সুবিধা দিতেই তিনি আমার বিরুদ্ধে সংসদে মিথ্যা, বানোয়াট ও নোংরা বক্তব্য দিয়েছেন।”

জবাবে আ’লীগের শাজাহান খান মির্জা আব্বাসের অসংসদীয় বক্তব্য ও বিরোধী দলীয় নেত্রীর প্রতি যথার্থ সম্মান প্রকাশ না করায় ক্ষোভ প্রকাশ করেন। এসময় তিনি মন্ত্রীর অসংসদীয় বক্তব্য প্রকাশে বাধা না দেওয়ায় স্পিকারেরও সমালোচনা করেন।

স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশারফ হোসেন কার্যপ্রণালী বিধির উল্লেখ করে বলেন, “ব্যক্তিগত বিষয় নিয়ে সংসদে কোন বিতর্ক হতে পারে না।”

যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা ব্যক্তিগত কৈফিয়তের জন্যে বিরোধী নেত্রীর সমালোচনা করেন।

স্পিকার তার বক্তব্য গ্রহণ করে অসংসদীয় শব্দ প্রত্যাহার ও প্রয়োজনীয় শব্দ যোগ করার আশ্বাস দেন।

এর আগে পয়েন্ট অব অর্ডারে আসম জাহাঙ্গীর হোসেন সংসদীয় কমিটি বিধি মোতাবেক চলছেনা বলে অভিযোগ করেন।

তিনি অভিযোগ করেন, সরকার আগাম নির্বাচনে দলীয় লোকদের ব্যবহার করতে প্রশাসন থেকে জ্যৈষ্ঠ কর্তকর্তাদের বাধ্যতামূলক অবসর, পদোন্নতি ও চুক্তিভিত্তিক নিয়োগ করে চলেছে।