আ.লীগ কর্মীর মৃত্যু নিয়ে সংসদে আলোচনা করতে না দেওয়ায় ওয়াক আউট
প্রধান বিরোধী দলের ডাকে রোববার ঢাকাসহ সারা দেশে রেলপথ, রাজপথ ও নৌপথ অবরোধ কর্মসূচিতে পুলিশি হামলা ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলাম মোস্তফা মিলনকে গুলি করে হত্যার ঘটনায় ৬৮ বিধিতে দেওয়া নোটিশ গ্রহণ না করা ও সংসদের বৈঠক মুলতবি করে আলোচনা না করায় আওয়ামী লীগ সংসদ থেকে ওয়াক আউট করেছে।
রোববার বিকেলে সংসদের বৈঠকে প্রশ্নোত্তর পর্ব শেষে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সাংসদ মোহাম্মদ নাসিম আলোচনার সূত্রপাত করেন।
পরে পর্যায়ক্রমে জামাতের শাহ রুহুল কুদ্দুস, বিএনপির সরদার সাখাওয়াৎ হোসেন বকুল, আওয়ামী লীগের আব্দুর রাজ্জাক ও বিএনপির কেএম ওবায়দুর রহমান এ আলোচনায় অংশ নেন।
মোহাম্মদ নাসিম বলেন, সভা, সমাবেশ, হরতাল অবরোধ গণতান্ত্রিক অধিকার। শান্তিপূর্ণ অবরোধ পালন করতে গিয়ে রোববার পুলিশের গুলিতে গোলাম মোস্তফা মিলন নিহত হয়েছে। তাকে পরে পুলিশের গাড়িতে তুলেও পেটানো হয়।
তিনি বলেন, সরকারই স্বৈরাচারি আচরণের মাধ্যমে আমাদের সংঘাতের পথে যেতে বাধ্য করছে।
তিনি এ ব্যাপারে তার দেওয়া এক নোটিশের পরিপ্রেক্ষিতে সংসদে আলোচনার দাবি জানান।
আব্দুর রাজ্জাক মিলন হত্যাকাণ্ডের জন্যে সরকারি দলের ক্যাডারদের দায়ি করেন।
এদিকে সরকার দলীয় সাংসদ সর্দার সাখাওয়াত হোসেন বকুল বলেন, বিরোধী দল দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলতে একজন পুলিশ সদস্যকে হত্যা করেছে।
তিনি হরতালের বিরুদ্ধে আইন করার দাবি জানান।
কেএম ওবায়দুর রহমান বলেন, অবরোধ কোনো সাংবিধানিক অধিকার নয়। তবে বিরোধী দলের মিছিল, সভা ও ধর্মঘট করার অধিকার আছে। কিন্তু এখন এতে সাধারণ মানুষ অবরূদ্ধ হয়ে পড়ছে।
জামাতের সাংসদ শাহ রুহুল কুদ্দুস বলেন, দেশে যখন রাজনৈতিক উত্তেজনা থাকে তখনই প্রতিবেশী দেশ সীমান্তে পরিকল্পিতভাবে উত্তেজনা সৃষ্টি করে।
মাগরিবের নামাজ শেষে আওয়ামী লীগ সাংসদরা অধিবেশনে ফিরে আসেন।
