১৪ দলের রাজপথ রেলপথ ও নৌপথ অবরোধ রোববার, বাধা এলে হরতালসহ লাগাতার কর্মসূচি
গণগ্রেপ্তার ও সরকারি বাধার মুখে আওয়ামী লীগসহ ১৪ দল রোববার রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করবে। দেশব্যাপী এ কর্মসূচি সফল করতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিরোধী জোট।
বিরোধী দলের নেতারা বিডিনিউজ’কে জানিয়েছেন, তারা শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালন করতে চায়। দেশব্যাপী অনুষ্ঠেয় এ কর্মসূচির মাধ্যমে রাজধানীসহ সারাদেশ অচল করে দেওয়া হবে।
তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার প্রস্তাব বাস্তবায়ন, প্রধান নির্বাচন কমিশনার ও অন্য দুই কমিশনারের পদত্যাগসহ বেশ কিছু দাবিতে রোববার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ কর্মসূচি চলবে।
তবে সরকার বাধা দিলে বা দমন নীতি গ্রহণ করলে লাগাতার হরতালসহ আন্দোলনের কঠোর কর্মসূচি ঘোষণা করবে ১৪ দল।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আবদুল জলিল এমপি শনিবার বিডিনিউজ’কে বলেন, আমরা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক উপায়ে এ কর্মসূচি পালন করতে চাই। কিন্তু অবরোধে সরকার বাধা দেওয়ার চেষ্টা করলে হরতালসহ কঠোর ও লাগাতার আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
তিনি অবরোধ কর্মসূচি সর্বাÍকভাবে সফল করতে দলীয় নেতাকর্মী--সমর্থকসহ দেশবাসীর প্রতি আহ্বান জানান।
এদিকে, ১৪ দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে -- অবরোধ কর্মসূচি বানচাল করতে সরকার মরিয়া হয়ে উঠেছে। বিরোধী দলের নেতাকর্মী ও সমর্থকদের মিথ্যা মামলায় জড়ানো ছাড়াও বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। সারাদেশে গণগ্রেপ্তারসহ বাড়ি বাড়ি তল্লাশির নামে হামলা চালানো হচ্ছে।
সূত্র জানায়, অবরোধ চলাকালে কোথাও কোনো যানবাহন চলাচল করতে দেওয়া হবে না। এমনকি অফিস, আদালত, দোকানপাট ও বিপণিবিতানও বন্ধ থাকবে।
পূর্ব পরিকল্পনা অনুযায়ী রাজধানী ঢাকার ১৭টি স্থানে অবরোধ সৃষ্টি করা হবে। এসকল স্পটগুলোতে ১৪ দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত থাকবেন।
ষ্পটগুলো হচ্ছে - গাবতলী বাসস্ট্যাণ্ড, উত্তরার আজমপুর বাসস্ট্যাণ্ড, যাত্রাবাড়ী চৌরাস্তা, সদরঘাট লঞ্চ টার্মিনাল, কমলাপুর রেলওয়ে স্টেশন, পোস্তগোলার আলম মার্কেট, বাবুবাজার ব্রিজ, মগবাজার রেলগেট, মালিবাগ বিপণি বিতান, মতিঝিল শাপলা চত্বর, নিউমাউর্কেট, ধানমন্ডি ২৭ নম্বর সড়ক, মিরপুর ১০ নম্বর গোলচত্বর, মহাখালি, সুত্রাপুরের দয়াগঞ্জ ট্রাক স্ট্যাণ্ড, ফার্মগেট ও লালবাগের চকবাজার।
অবরোধ কর্মসূচি সফল করতে জেলা এবং বিভাগীয় শহরেও প্রস্তুতি নেওয়া হয়েছে।
কর্মসূচির সর্বশেষ প্রস্তুতি পর্যালোচনা করতে কেন্দ্রীয় ও ঢাকা মহানগর ১৪ দল নেতৃবৃন্দ শনিবার পৃথক সভায় বসেন।
সূত্র জানায়, ১৪ দলের লিয়াজোঁ কমিটি আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে বৈঠক করে প্রয়োজনীয় প্রস্তুতি, কৌশল এবং অবরোধের পর পরবর্তী আন্দোলন কর্মসূচি নিয়ে আলোচনা করেন।
কর্মসূচি সর্বাতœকভাবে সফল করার লক্ষ্যে শনিবার ১৪ দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা দফায় দফায় প্রস্তুতি বৈঠক করেন। ইতোমধ্যে ঢাকার পার্শ্ববর্তী কয়েকটি জেলার ১৪ দলীয় নেতা, শ্রমিক পরিবহন নেতা ও পরিবহন মালিকদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় হয়েছে।
দেশের সকল জেলা ও উপজেলায় কর্মসূচি সফল করতে কেন্দ্র থেকে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে।
