২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কার প্রস্তাব মেনেই আগামী নির্বাচন হতে হবে: সংসদে হাসিনা

আওয়ামী লীগ সভানেত্রী ও সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের দাবি পুনর্ব্যক্ত করে বলেছেন, সংস্কার প্রস্তাব মেনেই আগামী নির্বাচন হতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2006, 07:43 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

জাতীয় সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনায় বুধবার তিনি এ কথা বলেন। তিনি রাষ্ট্রপতিকে নিয়ে সৃষ্ট বির্তকের কথা উল্লেখ করে বলেন, ভোট কারচুপির সকল পক্রিয়া নিজ হাতে রাখতে প্রধানমন্ত্রী নিজেই রাষ্ট্রপতি হতে চান। স্বামীর মতো তিনিও রাষ্ট্রপতিকে জোর করে অসুস্থ বানিয়ে ওই পদ দখলে নিয়ে ক্ষমতা কুক্ষিগত রাখতে চান। কিন্তু বাংলার মানুষ ভোট চুরির কোনো ষড়যন্ত্র বরদাশত করবে না।

রাষ্ট্রপতির প্রকৃত অবস্থা জানতে চেয়ে শেখ হাসিনা বলেন, রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন এখন জীবনের ভয়ে আতংকিত কি--না, তিনি বন্দি কি--না-- সেটিই আমাদের প্রশ্ন। জানি না তার ভাগ্যে কী আছে? রাষ্ট্রপতিকে কেন বার বার অসুস্থ রাখা হচ্ছে? এর উদ্দেশ্য কী?

সংবিধানের ৫৪ ধারার উল্লেখ করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, আমাদের সংবিধানে অস্থায়ী রাষ্ট্রপতি করার বিধান নেই। উপ রাষ্ট্রপতির পদ থাকলে সেটি হতো।

তিনি বলেন, স্পিকার অস্থায়ী রাষ্ট্রপতি হতে পারেন না। তার সংসদে আসা উচিত।

শেখ হাসিনা বলেন, সংস্কার প্রস্তাব বাস্তবায়ন প্রশ্নে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ভোট চুরির প্রক্রিয়া ঠেকাতে সচেতন থাকতে হবে।

তিনি প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারিদের প্রতি আহ্বান জানান, দুর্নীতিবাজ ও লুঠপাটকারীদের পাহারা ও রক্ষা না করে  জনগণের পক্ষে অবস্থান নিন।

শেখ হাসিনা ২০০৬ -- ২০০৭ অর্থবছরের বাজেটকে ‘জনগণকে ধোঁকা দেওয়ার বাজেট’ উল্লেখ করে বলেন, নির্বাচনকে সামনে রেখে লুঠপাট করতেই এবারের বাজেট দেওয়া হয়েছে।

প্রায় এক ঘন্টার বক্তৃতায় তিনি আরো বলেন, বাজেটের ১২ ভাগ (প্রায় ১১ হাজার কোটি টাকা) থোক বরাদ্দ রাখা হয়েছে, যা সংবিধান ও শৃঙ্খলাবিরোধী। যেখানে বাজেট বাস্তবায়ন হয় না, সেখানে এতো বড় অংকের বাজেট কেন দেওয়া হলো?

তিনি প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বক্তব্যের বিরোধিতা করে বলেন,  দেশের অর্থনীতি যদি এতোই ভাল হয়, তবে জিনিসের দাম এতো বাড়ছে কেন? মানুষকে কেন কষ্ট পেতে হচ্ছে? মানুষের ডাল -- ভাত খাওয়ারও অবস্থা নেই কেন?