কানসাটে ১৪৪ ধারা জারী, চারদলের সমাবেশকে ঘিরে উত্তেজনা
চারদলীয় জোটের জনসভাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের কানসাটে এলাকায় ১৪৪ ধারা করা হয়েছে। এ নিয়ে সেখানে দেখা দিয়েছে নতুন করে উত্তেজনা।
পুলিশ জানায়, কানসাটের পার্শ্ববর্তী শ্যামপুর ইউনিয়নের চামা মাঠে বুধবার এ জনসভা হওয়ার কথা। অপ্রীতিকর ঘটনা এড়াতে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ জনসভাস্থলে ১৪৪ ধারা জারী করে। পুলিশের এই ১৪৪ ধারা বুধবার সন্ধ্যা ৬ টায় শেষ হচ্ছে।
বিএনপি সাংসদ শাজাহান মিয়া ওই জনসভার ডাক দেন। কানসাট হত্যাকাণ্ডের পর এই প্রথমবারের মতো আন্দোলনের এলাকায় এ জনসভা আহ্বান করা হলো।
এরআগে গত ১৪ জুন কানসাট কলেজ উন্নয়ন কাজ উদ্বোধনের নামে সাংসদ শাজাহান মিয়া সমাবেশ ডাকলে বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম পরিষদ কানসাট হাই স্কুলে পাল্টা সমাবেশ ডাকে। ফলে সেখানে ওই সাংসদ আর সমাবেশ করতে পারেননি।
