চট্টগ্রাম আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত: মেয়র মহিউদ্দিন সভাপতি, দানু সাধারণ সম্পাদক
চট্টগ্রাম সিটি মেয়র মহিউদ্দিন চৌধুরী এবং কাজী এনামুল হক দানু যথাক্রমে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার মহানগর আওয়ামী লীগের সম্মেলনে তাদেরকে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেওয়া হয়।
আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীর সভাপতিত্বে কাউন্সিল অধিবেশন শুরু হয়। সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত করা হলেও পুরো কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়নি।
এর আগে কাজী এনামুল হক দানু মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিটি মেয়র মহিউদ্দিন চৌধুরী সাধারণ সম্পাদক ছিলেন।
নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রায় নয় বছর পর শান্তিপূর্ণভাবে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এর আগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, বেগম মতিয়া চৌধুরী, চট্টগ্রাম সিটি মেয়র মহিউদ্দিন চৌধুরী, সাবেক মন্ত্রী এমএ মান্নান, বীর বাহাদুর এমপি জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন।
সম্মেলন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মতিয়া চৌধুরী বলেন, বিএনপি জামাত জোট সরকার রাষ্ট্রপতিকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত।
সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন চৌধুরী সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন।
মহানগর আওয়ামী লীগের বিদায়ী সভাপতি এমএ মান্নানের সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, বীর বাহাদুর এমপি, আতাউর রহমান খান কায়সার, আওয়ামী লীগ নেতা ইসহাক মিয়া, মোসলেহউদ্দিন আহমেদ, এম এ সালাম, ড.আবু ইউসুফ আলম প্রকৌশলী মাহমুদুল ইসলাম প্রমুখ।
এর আগে সম্প্রতি বিভিন্ন দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
