রাষ্ট্রদূতদের শিষ্টাচার ভঙ্গের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে যাচ্ছে না : পরাষ্ট্রমন্ত্রী
বার বার সতর্ক করা সত্তেও বিদেশি রাষ্ট্রদূতরা বাংলাদেশে কূটনৈতিক শিষ্টাচার মেনে চলছে না বলে মনে করলেও তাদের বিরুদ্ধে কোন কঠোর অবস্থানে যাচ্ছে না সরকার। পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খান মঙ্গলবার এ কথা বলেন।
তিনি বলেন, আগামী সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে কূটনীতিকদের বক্তব্যে সরকার রুষ্ট হলেও এখনই কোন হার্ড লাইনে যেতে চাচ্ছে না।
পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সময়ে পাকিস্তানি কূটনীতিক ইরফান রাজাকে কূটনৈতিক শিষ্টাচার ভঙ্গের দায়ে বহিস্কার করা হয়েছিলো। একইভাবে বর্তমানে কোন কূটনীতিকের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে পরাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান বিডিনিউজকে বলেন, তারা তেমন কোন ব্যাবস্থা নেবেন না। এটা তাদের একপ্রকার উদারতা।
ডিপ্লোমেটিক করেস্পন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব)’র সম্মানে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত মধ্যাহৃভোজে তিনি বলেন, একজন কূটনীতিকের মূল দায়িত্ব হলো দুটি দেশের মধ্যে সম্প্রীতি ও সদ্ভাব বৃদ্ধি এবং ব্যাবসা বাণিজ্যে সম্প্রসারণ করা। একটি দেশের নির্বাচন এবং অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে কথা বলা তাদের দায়িত্ব নয়। এটা তাদের সীমার মধ্যেও পড়ে না। আমি এ বিষয়ে তাদের একাধিকবার কঠোর ভাষায় বলেছি। কূটনৈতিক শিষ্টাচার জানা থাকলে তারা এমনটি করতেন না। অবশ্য এ ক্ষেত্রে আমাদেরও দোষ রয়েছে।
গত এক বছরে বিভিন্ন সময়ে বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকার এবং ঢাকায় অবস্থানকারী কূটনীতিকরা একাধিকবার নির্বাচন, কূটনীতিকদের মন্তব্য এবং একটি আর্ন্তজাতিক সভার বিষয়ে মুখোমুখী অবস্থানে চলে যায়।
সম্প্রতি ঢাকাস্থ বিট্রিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী রাজনৈতিক সহিংসতার বিষয়ে মন্তব্য করলে জবাবে মোরশেদ খান ইতিপূর্বে শক্ত ভাষায় বলেছিলেন, বন্ধু হিসেবে একজন উপদেশ দিতে পারে। কিন্তু একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের উপর ‘অভিভাবকগিরি’ ফলানোর কোন সুযোগ নেই।
মোরশেদ খান সাংবাদিকদের বলেন, পরাষ্ট্র মন্ত্রণালয়ই একমাত্র স্থান যেখানে বিদেশি কূটনীতিকরা কোন কিছু বলার থাকলে বলতে পারেন।
সম্প্রতি ভারত সরকার বাংলাদেশে চিনি, চাল, গম ও ডাল রপ্তানি বন্ধ ঘোষণা করেছে উল্লেখ করে একজন সাংবাদিক প্রশ্ন করলে খান বলেন, একটি দেশের বাণিজ্যিক সিধান্ত রাজনৈতিক সিধান্তের চেয়ে ভিন্ন। বর্তমান বিশ্বায়নের যুগে বেসরকারি খাতের ভূমিকা অনেক বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে সরকারের ভূমিকা হ্রাস পেয়েছে।
কূটনৈতিক সংবাদদাতাদের সার্ক দেশ সমূহে ভ্রমণের ক্ষেত্রে ভিসা মুক্ত সার্ক স্কিমের আওত্তায় আনা এবং তাদের জন্য পরাষ্ট্র মন্ত্রণালয়ে খুব শিগগিরই একটি কক্ষ বরাদ্দ দেওয়া হবে বলে মন্ত্রী এসময় ঘোষণা করেন ।
ডিক্যাব সভাপতি আনিস আলমগীর ভোজসভায় বক্তব্য রাখেন। সাধারণ সম্পাদক মাসুদ করিম এবং ডিক্যাব সদস্যবৃন্দসহ পরাষ্ট্র মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
